প্রতিদিনের খাবারে ফাইবার কম হলে শরীরে যেসব পরিবর্তন দেখা দেয়

প্রতিদিনের খাবারে ফাইবার কম হলে শরীরে যেসব পরিবর্তন দেখা দেয়

ছবি সংগৃহীত।

নিয়ম মেনে প্রতিদিন তিন বেলা খাবার খাচ্ছেন, তারপরও কি হজমের সমস্যায় ভুগছেন? কখনো পেট ভার হয়ে থাকছে, কখনো মলত্যাগে অস্বস্তি হচ্ছে। আবার দুপুরের খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই অনুভব করছেন ক্ষুধা। এমন পরিস্থিতিতে শুধু ভিটামিন বা খনিজের অভাবকে দায়ী না করে প্রতিদিনের খাবারে পর্যাপ্ত ফাইবার রয়েছে কি না, সেটিও খেয়াল করা প্রয়োজন।

পুষ্টির কথা উঠলে সাধারণত প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম কিংবা আয়রনের গুরুত্ব নিয়েই বেশি আলোচনা হয়। অথচ শরীরের স্বাভাবিক হজম প্রক্রিয়া সচল রাখতে ফাইবারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যতালিকায় এই উপাদানের ঘাটতি দেখা দিলে কোষ্ঠকাঠিন্যসহ নানা ধরনের হজমজনিত সমস্যা হতে পারে।

ফাইবারের চাহিদা পূরণ করতে দামি খাবার বা বিশেষ সাপ্লিমেন্টের প্রয়োজন নেই। পেয়ারা, ডাল, ছোলা, ওটস, বাদাম, শাকসবজি ও বিভিন্ন ধরনের গোটা শস্য থেকেই শরীর প্রয়োজনীয় ফাইবার পেতে পারে। অথচ আধুনিক খাদ্যাভ্যাসে পরিশোধিত চাল-আটা ও প্রক্রিয়াজাত খাবারের আধিক্যে অনেকের খাবারে এসব উপাদানের পরিমাণ কমে যাচ্ছে। জেনে নিন, কোন পাঁচ লক্ষণে বুঝবেন আপনার খাদ্যতালিকায় ফাইবারের ঘাটতি থাকতে পারে।

ঘন ঘন কোষ্ঠকাঠিন্য হওয়া

মলত্যাগ নিয়মিত না হওয়া কিংবা কয়েক দিন পরপর টয়লেটে যাওয়ার প্রয়োজন হওয়া কোষ্ঠকাঠিন্যের লক্ষণ হতে পারে। খাদ্যে ফাইবারের পরিমাণ কম থাকলে এমন সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বাড়ে। ফাইবার মলের পরিমাণ বাড়াতে এবং অন্ত্রের মধ্য দিয়ে বর্জ্য পদার্থ সহজে বের হতে সাহায্য করে। তাই নিয়মিত মলত্যাগের অভ্যাস বজায় রাখতে পর্যাপ্ত ফাইবার গ্রহণ জরুরি।

মল অতিরিক্ত শক্ত ও শুষ্ক হওয়া

মলত্যাগের সময় মল যদি শক্ত, শুকনো কিংবা ছোট ছোট দানার মতো বের হয়, তাহলে সেটি কোষ্ঠকাঠিন্যের ইঙ্গিত হতে পারে। ফাইবার মলের মধ্যে পানি ধরে রাখতে এবং মলকে নরম রাখতে সাহায্য করে। ফলে মলত্যাগ সহজ হয়, অস্বস্তিও কমে। এ ধরনের সমস্যা এড়াতে প্রতিদিনের খাবারে ফল, শাকসবজি ও গোটা শস্য রাখুন।

মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দিতে হওয়া

টয়লেটে দীর্ঘ সময় বসে থাকা, মলত্যাগের জন্য বারবার জোর দেওয়া কিংবা প্রতিবারই কষ্ট অনুভব করা স্বাভাবিক নয়। খাদ্যে ফাইবার কম থাকলে মল শক্ত হয়ে যেতে পারে। এতে মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দিতে হয়। দীর্ঘদিন এমন সমস্যা চলতে থাকলে পাইলস বা হেমোরয়েডের উপসর্গ বাড়তে পারে।

খাওয়ার কিছুক্ষণ পরেই আবার ক্ষুধা লাগা

খাবার খাওয়ার অল্প সময়ের মধ্যেই আবার ক্ষুধা অনুভব করলে খাদ্যতালিকাটি পর্যালোচনা করা প্রয়োজন। সাদা ময়দার তৈরি খাবার ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারে ফাইবার কম থাকে। ফলে এগুলো খাওয়ার পর দীর্ঘক্ষণ পেট ভরা থাকার অনুভূতি নাও থাকতে পারে। অন্যদিকে, ফাইবারসমৃদ্ধ খাবার হজম হতে তুলনামূলক বেশি সময় নেয়। তাই খাবারে ডাল, ছোলা, ওটস, শিমজাতীয় খাবার ও আস্ত ফল রাখুন। ভাত বা রুটির সঙ্গে পর্যাপ্ত শাকসবজি খাওয়ার অভ্যাস করুন।

পেট ফাঁপা ও হজমের অস্বস্তি হওয়া

বারবার পেট ফুলে থাকা, গ্যাস জমা কিংবা পেটে অস্বস্তি অনুভব করার পেছনে খাদ্যাভ্যাসের ভূমিকা থাকতে পারে। ফাইবারের ঘাটতিতে কোষ্ঠকাঠিন্য দেখা দিলে পেটের অস্বস্তি আরও বাড়তে পারে। ফাইবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার জন্যও গুরুত্বপূর্ণ। এসব ব্যাকটেরিয়া নির্দিষ্ট ধরনের ফাইবার ভেঙে শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যা অন্ত্রের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেসের তথ্য অনুযায়ী, বয়স ও লিঙ্গভেদে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রায় ২২ থেকে ৩৪ গ্রাম ফাইবার প্রয়োজন হতে পারে।

তবে ফাইবারের পরিমাণ একবারে অনেক বাড়াবেন না। হঠাৎ বেশি ডাল, ছোলা, কাঁচা শাকসবজি বা বীজ খেলে গ্যাস ও পেট ফাঁপার সমস্যা হতে পারে। ধীরে ধীরে খাদ্যতালিকায় ফাইবার বাড়ান এবং পর্যাপ্ত পানি পান করুন। কোষ্ঠকাঠিন্য বা পেটের অস্বস্তি হলেই ফাইবারের ঘাটতি রয়েছে, এমন নয়। সমস্যা দীর্ঘস্থায়ী হলে, মলে রক্ত দেখা গেলে কিংবা অকারণে ওজন কমতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: ইন্ডিয়া টুডে, ইটিংওয়েল