ফুটবলারের মৃত্যুর ঘটনায় শাস্তি পেতে পারেন গোলরক্ষক ওনোও

ফুটবলারের মৃত্যুর ঘটনায় শাস্তি পেতে পারেন গোলরক্ষক ওনোও

ছবি সংগৃহীত।

স্পেনের দ্বিতীয় বিভাগের (লা লিগা ২) ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষের পর হাসপাতালে মারা গেছেন তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেল। এ ঘটনায় আলোচনায় এসেছেন এফসি আন্দোরার গোলরক্ষক হেসুস ওনোও। তার সঙ্গে সংঘর্ষের পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন দে মিগেল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে স্পেনের পুলিশ। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও বর্ণবাদী আক্রমণের শিকার হচ্ছেন ওনোও।

২৫ বছর বয়সী ওনোওর জন্ম মধ্য আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গিনির বাটা শহরে। ছোটবেলায় পরিবারের সঙ্গে স্পেনে চলে আসেন তিনি। আট বছর বয়সে সান সেবাস্তিয়ানের ক্লাব আন্তিগুয়োকোতে ফুটবল ক্যারিয়ার শুরু করেন। পরে রিয়াল সোসিয়েদাদের যুব দলে খেলেন।

২০১৭ সালে আলাভেসে যোগ দেন ওনোও। যুব দল পেরিয়ে ২০২২ সালের জানুয়ারিতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাবটির মূল দলে অভিষেক হয় তাঁর। লা লিগায় খেলা ইকুয়েটোরিয়াল গিনিতে জন্ম নেওয়া প্রথম আন্তর্জাতিক ফুটবলার তিনি।

আলাভেসের হয়ে লিগ ও কোপা দেল রেতে মোট ২০টি ম্যাচ খেলেছেন এই গোলরক্ষক। গত মৌসুমে ধারে আন্দোরায় খেলেন। সেখানে লিগে ২০ ম্যাচে ছয়টি ক্লিনশিট রাখেন তিনি। পরে গত আগস্টে স্থায়ীভাবে আন্দোরায় যোগ দিয়ে দুই বছরের চুক্তি করেন।

২০১৯ সালের মার্চে ইকুয়েটোরিয়াল গিনির জাতীয় দলে অভিষেক হয় ওনোওর। এখন পর্যন্ত দেশের হয়ে ৪৬টি ম্যাচ খেলেছেন তিনি।

কী ঘটেছিল মাঠে?

গত সোমবার (২ নভেম্বর) লা লিগা ২-এর ম্যাচে তেনেরিফের বিপক্ষে খেলছিল আন্দোরা। ম্যাচের শেষ দিকে ২-০ গোলে পিছিয়ে থাকা আন্দোরা ব্যবধান কমানোর চেষ্টা করছিল। এ সময় নিজেদের অর্ধ থেকে উঁচু করে বল ক্লিয়ার করে তেনেরিফ। বলটি মাঝমাঠের দিকে গেলে সেটির নিয়ন্ত্রণ নিতে এগিয়ে যান দে মিগেল।

এদিকে নিজের গোল এলাকা ছেড়ে সামনে এগিয়ে এসে বলের জন্য লাফ দেন ওনোও। এ সময় তাঁর হাঁটু দে মিগেলের বুক ও মাথায় আঘাত করে বলে ভিডিওতে দেখা গেছে। সংঘর্ষের পর মাঠে পড়ে যান তেনেরিফের এই ফরোয়ার্ড। এ ঘটনায় ওনোওকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

পরে মাঠে চিকিৎসাকর্মীরা ছুটে আসেন। দে মিগেলকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সকালে স্পেনের সান্তা ক্রুজে হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

শাস্তি পেতে পারেন ওনোও?

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধি অনুযায়ী, খেলার মধ্যে সহিংস আচরণের কারণে কোনো খেলোয়াড় গুরুতর আহত হলে দায়ী খেলোয়াড়কে চার থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ করার বিধান রয়েছে। তবে এ ঘটনায় কী ধরনের শাস্তি দেওয়া হবে, তা নির্ভর করবে তদন্তের ফল ও সংঘর্ষের পরিস্থিতি পর্যালোচনার ওপর।

এদিকে দে মিগেলের মৃত্যুর ঘটনায় ওনোওর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর শাস্তির দাবি উঠেছে। কেউ কেউ তাঁকে আজীবনের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করার পাশাপাশি ফৌজদারি মামলা করারও দাবি জানিয়েছেন। আবার তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে বর্ণবাদী মন্তব্য ও অপমানজনক বার্তাও দেওয়া হচ্ছে।

ফৌজদারি মামলার মুখে পড়তে পারেন?

দে মিগেলের মৃত্যুর ঘটনায় স্পেনের সান্তা ক্রুজের জাতীয় পুলিশের হত্যাকাণ্ড তদন্ত বিভাগ (হোমিসাইড গ্রুপ) তদন্ত শুরু করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে আলজাজিরা।

স্পেনের দণ্ডবিধির ১৪২ ধারা অনুযায়ী, গুরুতর অবহেলা কিংবা অপেক্ষাকৃত কম গুরুতর অবহেলার কারণে কারও মৃত্যু হলে তা অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। গুরুতর অবহেলার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড হতে পারে। অপেক্ষাকৃত কম গুরুতর অবহেলার ক্ষেত্রে তিন থেকে ১৮ মাসের জরিমানার বিধান রয়েছে।

তবে ওনোওর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ প্রমাণিত হবে কি না, তা নির্ভর করবে তদন্তে তাঁর চ্যালেঞ্জের ধরন ও অবহেলার মাত্রা কতটা ছিল, সেটি নির্ধারণের ওপর।