নাটোরে শাকিল হত্যা: হামলার সময় অভিযুক্ত নিয়াজের অবস্থান নিয়ে ধোঁয়াশা
ছবি: সংগৃহীত
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল হত্যায় সরাসরি জড়িত দুইজনকে চিহ্নিত করতে পেরেছেন বলে দাবি করেছেন নিহতের পিতা রবিউল করিম মিস্ত্রি।
তিনি জানান, তাদের মধ্যে একজন উপজেলার নয়া বাজার এলাকার হাদার ছেলে হাবীব। অন্যজন একই এলাকার ইফরান নিয়াজ। তারা সবুজ বা নীল রঙের একটি মোটরসাইকেলে এসে হামলা করে।
এর মধ্যে ইফরান নেয়াজ ওরফে মো. নেয়াজ শরীফ গুরুদাসপুর উপজেলার নয়াবাজার সংলগ্ন উদবাড়ীয়া গ্রামের বাসিন্দা। নিহত শাকিলের বাবা রবিউল করিম মিস্ত্রির তথ্য অনুযায়ী, এই দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
তবে মঙ্গলবার সকালে অজ্ঞাত স্থান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় ইফরান নিয়াজ দাবি করেন, ছাত্রদল নেতা শাকিলের ওপর হামলার ঘটনার সময় (১৪ অক্টোবর রাত ৯টা) তিনি রাজশাহীতে অবস্থান করছিলেন। ভিডিও বার্তায় তিনি জানান, হামলায় দিন তিনি গুরুদাসপুরে অবস্থান না করলেও পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।
তিনি বলেন ‘হত্যাকাণ্ডের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে আমার নাম জড়ানো হচ্ছে। আমি ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া আমার স্ত্রী আগে থেকেই রাজশাহীর ভদ্রার বাসায় থাকি। হামলার দিন রাত ৯টার সময় আমার এলাকার বন্ধু ও অগ্রণী ব্যাংক নাটোর শাখার অফিসার (ক্যাশ) সাদ্দাম হোসেনের সঙ্গে রাজশাহীর কাদিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান করছিলাম।’ এছাড়া ভিডিওতে তিনি তার রাজশাহী থাকার পক্ষে আরও তথ্য উল্লেখ করেন। তার দাবি, ‘আমি হত্যাকাণ্ডে জড়িত না থাকলেও মূল আসামিদের বাঁচাতে নির্দোষ ব্যক্তিদের পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে।’
১৪ অক্টোবর রাত ৯টা থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত রাজশাহীতে একসঙ্গে অবস্থান করার কথা জানিয়েছেন অগ্রণী ব্যাংকের নাটোর শাখার অফিসার (ক্যাশ) সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘আমি একটি কাজে ১৪ অক্টোবর রাজশাহী যাই। নিয়াজ আগে থেকেই রাজশাহীতে ছিল। সেদিন রাত ৯টার দিকে আমরা রাজশাহীর কাদিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখা করি।’ পরে আলুপট্টি মোড়ের কেএফসি থেকে ১০টা ৫০ মিনিটে তারা যে যার গন্তব্যে চলে যান বলেও নিশ্চিত করেন তিনি।
কেএফসির রাজশাহী শাখায় যোগাযোগ করলে তারা জানান, সিসিটিভির ফুটেজ মামলার তদন্ত কর্মকর্তা ছাড়া অন্য কাউকে দেওয়ার নিয়ম নেই। তবে বিল পেমেন্টের বিষয়ে তারা নিশ্চিত করেন। তারা কার্ড থেকে বিল পেয়েছেন বলে জানান।
নাটোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ইতোমধ্যে তিনজন সন্দহভাজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত শাকিলের বাবা রবিউল করিম মিস্ত্রির শনাক্ত অনুযায়ী হাবিব ও ইফরান নিয়াজকেও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। ইফরান নিয়াজ ওই সময় কোথায় ছিল সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম। এ সময় শাকিলকে কুপিয়ে জখম করে মোটরসাইকেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) তিনি মারা যান।