সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে অর্থ বিতরণ

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে অর্থ বিতরণ

সংগৃহীত

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে অনুদানের অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। 

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরীর পক্ষ থেকে বুধবার দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এ সহায়তার অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়। 

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সাইদ চৌধুরী, সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল প্রমুখ।

ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫শ’ কেজি চাল, নগদ ১০ হাজার টাকা, কম্বল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনঃনির্মাণের জন্য তালিকা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ সময় সংসদ সদস্য তার নিজস্ব তহবিল থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি সংস্থা ব্র্যাক দিরাই শাখার পক্ষ থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৮ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২ নভেম্বর রাতে দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে পল্লী বিদ্যুৎতের শর্ট সার্কিটের মধ্য দিয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।