দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা, তরুণ নিহত

দৌলতপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা, তরুণ নিহত

ফাইল ছবি

 

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তালগাছে ধাক্কা লেগে রোকন ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শশীধরপুর-স্বরূপপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকন ইসলাম উপজেলার তারাগুনিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় ডিস কেবল লাইনে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কাজে বের হন রোকন। মোটরসাইকেল নিয়ে শশীধরপুর-স্বরূপপুর সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তালগাছে ধাক্কা দেন। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত হওয়ার খবর পেয়েছেন তারা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।