সিলেট শিক্ষা বোর্ডে নতুন সচিব, মাউশির রংপুর অঞ্চলে উপপরিচালক

সিলেট শিক্ষা বোর্ডে নতুন সচিব, মাউশির রংপুর অঞ্চলে উপপরিচালক

ফাইল ছবি

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীরকে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর অঞ্চলের উপপরিচালক (কলেজ) পদে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশীদ। এ ছাড়া আরও চার কর্মকর্তাকে বিভিন্ন সরকারি কলেজে বদলি ও পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের সই করা প্রজ্ঞাপন দুটি একই দিন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটের মুরারিচাঁদ সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীরকে সিলেট শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, রংপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশীদকে মাউশির রংপুর অঞ্চলের উপপরিচালক (কলেজ) পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উপসচিব সিরাজুল ইসলামকে ঢাকার সরকারি কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজে এবং মাউশির রংপুর অঞ্চলের উপপরিচালক (কলেজ) মো. কামরুজ্জামান পাইকগাছকে রংপুরের কারমাইকেল সরকারি কলেজে বদলি করা হয়েছে।

অন্যদিকে, পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. শাহাদৎ হোসেনকে বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে এবং মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. উমর ফারুককে ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ১০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণ থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।