শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে পিরোজপুরে মাইকিং
সংগৃহীত
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে, পড়াশোনায় মনোযোগী হতে এবং শিক্ষার সঠিক পরিবেশ ফিরিয়ে আনতে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে উপজেলা প্রশাসন।
সাম্প্রতিক সময়ে পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের অমনোযোগ, সন্ধ্যার পর বাইরে আড্ডা এবং মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি দূর করে সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ভান্ডারিয়া উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহে একদিন করে উপজেলা শহরে এবং উপজেলার ৭টি ইউনিয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করার জন্য এই মাইকিং প্রচারণার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যা গত ৩ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
প্রচারণায় জানানো হয়, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মাগরিবের পর কোনো শিক্ষার্থী বিনা প্রয়োজনে বাড়ির বাইরে ঘোরাফেরা করতে পারবে না। সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখতে হবে।
১৮বছরের কম বয়সীদের কাছে বিড়ি-সিগারেট বিক্রি করা যাবে না। এ ছাড়া স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের দোকানে বসে আড্ডা দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। যেহেতু বর্তমানে এসএসসি, এইচএসসি, দাখিলসহ সকল পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, তাই শিক্ষার্থীদের পড়াশোনা করা ছাড়া কোনো বিকল্প নেই।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান বাসস’কে জানান, অভিভাবক সমাবেশ ডাকলেও সকল অভিভাবকদের পাওয়া যায় না। তাই বিকল্প হিসেবে আমরা জেলা প্রশাসনের নির্দেশে শিক্ষার্থী ও অভিভাবক উভয়কেই সচেতন করার জন্য এই মাইকিং পদ্ধতি বেছে নিয়েছি।
তিনি আরও বলেন, এখন যেহেতু সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমরা শিক্ষার্থীদের বোঝাতে চাচ্ছি পরীক্ষায় পাস করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই।
প্রাথমিকভাবে আমাদের নির্দেশনা গুলো মাইকিংয়ের মাধ্যমে জানাচ্ছি। আশা করছি এতে অভিভাবক ও শিক্ষার্থীরা সচেতন হবে। পাশাপাশি বিভিন্ন স্পটে প্রশাসনিক অভিযান ও থাকবে।