এক ওয়াক্ত নামাজ না পড়েও যে সাহাবি পেলেন জান্নাতের সুসংবাদ

এক ওয়াক্ত নামাজ না পড়েও যে সাহাবি পেলেন জান্নাতের সুসংবাদ

ফাইল ছবি

ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে, যা মানুষের হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়ে দেয়, আমলের প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করে এবং আল্লাহর অসীম রহমতের কথা স্মরণ করিয়ে দেয়। এমনই এক বিস্ময়কর ঘটনা হজরত আমর ইবনু সাবিত (রা.)-এর।

তিনি ছিলেন মদিনার আওস গোত্রের বনু আবদুল আশহাল বংশের একজন সাহসী ব্যক্তি। তিনি আল-উসাইরিম উপনামে পরিচিত ছিলেন। তাঁর গোত্রের অনেকেই ইসলাম গ্রহণ করলেও তিনি দীর্ঘদিন ইসলাম গ্রহণ থেকে বিরত ছিলেন। কিন্তু মানুষের অন্তর তো মহান আল্লাহর নিয়ন্ত্রণে।

তিনি যখন কাউকে হেদায়েত দান করেন, তখন মুহূর্তের মধ্যেই তার জীবনের গতিপথ বদলে যেতে পারে। আল-উসাইরিমের জীবনেও ঘটেছিল এমনই এক অভাবনীয় পরিবর্তন।

উহুদের যুদ্ধের দিন রাসুলুল্লাহ (সা.) মুসলিম বাহিনী নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হলেন। যুদ্ধের প্রস্তুতি ও মুসলমানদের আত্মত্যাগের দৃশ্য আল-উসাইরিমের হৃদয়ে গভীর প্রভাব ফেলল।

তাঁর অন্তরে ঈমানের আলো জ্বলে উঠল। তিনি উপলব্ধি করলেন, সত্যের পথ হলো ইসলাম। দেরি না করে তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর তিনি ঘরে বসে থাকেননি। বরং সঙ্গে সঙ্গে অস্ত্র ধারণ করে উহুদের যুদ্ধক্ষেত্রে ছুটে গেলেন।

মুসলমানদের কাতারে শামিল হয়ে শত্রুদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন।

একপর্যায়ে তিনি গুরুতরভাবে আহত হলেন। যুদ্ধ শেষে বনু আবদুল আশহাল গোত্রের লোকেরা নিজেদের শহীদ ও আহতদের খোঁজ করতে গিয়ে তাঁকে দেখতে পেলেন। তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁরা বিস্মিত হলেন। কারণ, তাঁরা তো তাঁকে ইসলাম গ্রহণে অনিচ্ছুক অবস্থায় রেখে এসেছিলেন। তাই তাঁরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ‘এ যে আল-উসাইরিম! তুমি এখানে কেন? তোমাকে কে নিয়ে এসেছে? তুমি কি গোত্রের পক্ষ থেকে যুদ্ধ করতে এসেছ, নাকি ইসলাম গ্রহণের উদ্দেশ্যে?’

মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকা আল-উসাইরিম তখন নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন। তিনি বললেন, ‘আমি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েই এখানে এসেছি। আমি আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান এনেছি এবং ইসলাম গ্রহণ করেছি। এরপর আমার তরবারি নিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে যুদ্ধ করতে এসেছি।’ কথাগুলো বলার পরপরই তিনি তাঁদের হাতের ওপর মৃত্যুবরণ করলেন।

ভাবা যায়! যে ব্যক্তি জীবনের দীর্ঘ সময় ইসলাম থেকে দূরে ছিলেন, তিনিই ইসলাম গ্রহণের পর মুহূর্তের মধ্যে আল্লাহর দ্বিনের জন্য জীবন উৎসর্গ করলেন। নামাজ আদায়ের সময়টুকুও পেলেন না। কিন্তু ঈমান গ্রহণের পর তাঁর প্রথম পদক্ষেপই ছিল আল্লাহর দ্বিনের জন্য আত্মত্যাগ।

আল-উসাইরিমের শাহাদাতের সংবাদ রাসুলুল্লাহ (সা.)-এর কাছে পৌঁছানো হলে তিনি তাঁর সম্পর্কে জান্নাতের সুসংবাদ প্রদান করেন। তিনি ঘোষণা করেন—‘নিশ্চয়ই সে জান্নাতবাসীদের একজন।’

সাহাবি আল-উসাইরিমের ঘটনা হজরত আবু হুরাইরা (রা.)-এর বর্ণনায়ও বিশেষভাবে উঠে এসেছে। তিনি লোকদের জিজ্ঞাসা করতেন, ‘তোমরা কি এমন কোনো ব্যক্তির কথা জানো, যিনি কখনো নামাজ আদায় করেননি, অথচ জান্নাতে প্রবেশ করেছেন?’ লোকেরা যখন তাঁর পরিচয় জানতে পারত না, তখন তিনি বলতেন, ‘তিনি হলেন আল-উসাইরিম, বনু আবদুল আশহাল গোত্রের আমর ইবনু সাবিত।’ (মুসনাদে আহমদ, হাদিস : ৪০-৪১)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান, ইখলাস ও তাঁর সন্তুষ্টির পথে জীবন পরিচালনার তাওফিক দান করুন। আমিন।