জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাবিতে নানা কর্মসূচি
ফাইল ছবি
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচির কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৬টা ২০ মিনিটে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের সব হল ও গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলন।
সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ ছাড়া বাদ আসর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ সব হল, হোস্টেল ও আবাসিক এলাকার মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সময়ে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হবে।
এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে নভেম্বর মাসের মধ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।
এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে অনুরোধ জানানো হয়েছে।