ফটিকছড়িতে হ্যান্ডকাফসহ পালানো মাদক কারবারি সাড়ে ৩ ঘণ্টা পর গ্রেফতার
প্রতিকি ছবি
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া মাদক কারবারি ইয়াসিনকে সাড়ে তিন ঘণ্টা পর গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাফতনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী একটি ধানক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বিকেল ৪টার দিকে জাফতনগর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। গ্রেফতার ইয়াসিন ওই ইউনিয়নের মোহাম্মদ ইউনুছের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফতনগর ইউনিয়নের তকিরহাট সংলগ্ন মোহাম্মদ আমির আলী সওদাগর বাড়ির নিজ ঘর থেকে চার গ্যালন মদসহ ইয়াসিনকে আটক করে পুলিশ। পরে তাকে জাফতনগর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। ফাঁড়িতে প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফ পরা অবস্থায় বাইরে বের হন ইয়াসিন। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি। এরপর তাকে ধরতে অভিযান শুরু করে পুলিশ।
পালানোর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ফাঁড়ির সদস্যরা জাফতনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী একটি ধানক্ষেত থেকে হ্যান্ডকাফসহ তাকে গ্রেফতার করেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।