পিকআপ থেকে ছিটকে পড়ে দুই শ্রমিক নিহত
ফাইল ছবি
ময়মনসিংহের নান্দাইলে চলন্ত পিকআপ থেকে সড়কে ছিটকে পড়ে দুই গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে নান্দাইল-ত্রিশাল সড়কের বাহাদুনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোণা থেকে একটি পিকআপে করে প্রায় ২০ জন গার্মেন্টস শ্রমিক গাজীপুরে যাচ্ছিলেন। পথে বাহাদুনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক সামনে পড়ে। এ সময় সংঘর্ষ এড়াতে পিকআপের চালক আকস্মিক ব্রেক করেন। এতে পিকআপে থাকা কয়েকজন শ্রমিক ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন