কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে স্বামী নিহত, আহত স্ত্রী

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে স্বামী নিহত, আহত স্ত্রী

প্রতিকি ছবি

 

কুড়িগ্রামে পৌর টাউনহল মিলনায়তনে এক যুবকের ছুরিকাঘাতে মোহাম্মদ মনসুর আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মল্লিকা বেগম (৫৫) আহত হয়েছেন। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌর টাউন হল মিলনায়তন চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত মনসুর আলী কুড়িগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছয় আনিপাড়া (বাস টার্মিনাল) এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। আহত মল্লিকা বেগম তার স্ত্রী। মনসুর পেশায় একজন কেয়ারটেকার ছিলেন।

এ ঘটনায় অভিযুক্ত শাহনেওয়াজ ওরফে সানিকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই ওয়ার্ডের সরদারপাড়া এলাকার মোহাম্মদ জুলহাস ও শাহানা পারভীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌর টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান চলছিল। এসময় সানি মাদক সেবনের জন্য টাউন হল মিলনায়তনে চত্বরে গেলে তাকে বাধা দেয় কেয়ারটেকার মনসুর আলী। পরে অনুষ্ঠান শেষ হলে অতিথিসহ আগত মানুষজন চলে যায়। দুপুর হওয়ায় মনসুর আলীর স্ত্রী দুপুরের খাবার নিয়ে সেখানে যান। এসময় সানি তাদের ছুরি নিয়ে হামলা চালায়। স্থানীয়রা চিৎকার শুনে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আর সানিকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূরে নেওয়াজ বলেন, দু’জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলেও পথেই একজন মারা গেছেন। আরেকজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সানি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।