পাঁচ বিমা কোম্পানির গ্রাহকরা পাচ্ছেন ২০ কোটি টাকা

পাঁচ বিমা কোম্পানির গ্রাহকরা পাচ্ছেন ২০ কোটি টাকা

ফাইল ছবি

দেশের পাঁচ বিমা কোম্পানির ৫ হাজার ৯৭২ জন গ্রাহক বিমাদাবির ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা পেতে যাচ্ছেন। গ্রাহকদের এসব অর্থ পরিশোধ করতে উদ্যোগ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামীকাল রবিবার (৮ নভেম্বর) এসব অর্থ পরিশোধ করা হবে।

শনিবার (৭ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

আইডিআএ জানিয়েছে, বিমা খাতে গ্রাহকের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা বৈধ বিমাদাবি নিষ্পত্তির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আগামীকাল চতুর্থ বারের মতো বিমা দাবি পরিশোধ করবে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এবার ৫টি বিমা প্রতিষ্ঠানের ৫ হাজার ৯৭২ জন পলিসিধারীর অনুকূলে মোট ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা পরিশোধ করা হবে।

সেগুলোর মধ্যে বায়রা লাইফ ইন্স্যুরেন্সের ৪১ জন পলিসিধারীর অনুকূলে ৭ লাখ টাকা; ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৭৪ জন পলিসিধারীর অনুকূলে ৮ কোটি ৩৭ লাখ টাকা; হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ৩ হাজার ১৬৩ জন পলিসিধারীর অনুকূলে ৫ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭০৭ টাকা; পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৩৫০ জন পলিসিধারীর অনুকূলে ৫ কোটি টাকা এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৩৪৪ জন পলিসিধারীর অনুকূলে ১ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ৬০১ টাকা পরিশোধ করা হবে।

বিমা গ্রাহকদের দীর্ঘদিনের অনিষ্পন্ন বৈধ দাবি নিষ্পত্তি, গ্রাহকদের ন্যায্য পাওনা নিশ্চিতকরণ এবং বিমা খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ধারাবাহিকভাবে কাজ করছে। গ্রাহকের স্বার্থ সুরক্ষা এবং বিমা খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইডিআরএ।