পোশাক শিল্পে প্রযুক্তি ও বিনিয়োগ তুলে ধরল অ্যাভেরি ডেনিসন
ফাইল ছবি
বাংলাদেশের পোশাক শিল্পে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান অ্যাভেরি ডেনিসন। পোশাকের লেবেল, ট্যাগ, ব্র্যান্ডিং ও ডিজিটাল শনাক্তকরণ প্রযুক্তি সরবরাহকারী এই প্রতিষ্ঠান রাজধানীতে অনুষ্ঠিত ৩০তম ইউএস ট্রেড শোতে পোশাক শিল্পের জন্য তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও সেবা প্রদর্শন করেছে।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে তিন দিনের এই প্রদর্শনী শনিবার (৭ নভেম্বর) শেষ হয়েছে। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) ও ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস যৌথভাবে এর আয়োজন করে। গত বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ প্রদর্শনী উদ্বোধন করেন। অ্যাভেরি ডেনিসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১৯৯২ সালে বাংলাদেশে প্রথম ইউএস ট্রেড শো আয়োজন করা হয়। প্রায় আড়াই দশক বিরতির পর এবার প্রদর্শনীটি আবার হলো। এ বছর অ্যামচ্যাম প্রতিষ্ঠার ৩০ বছর পূর্ণ হয়েছে। চলতি বছরের এপ্রিলে অ্যামচ্যামের এক অনুষ্ঠানে জানানো হয়, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য রেকর্ড ১ হাজার ১৮০ কোটি ডলারে পৌঁছেছে।
ঢাকা ও চট্টগ্রামে তিন কারখানা
অ্যাভেরি ডেনিসন জানায়, ঢাকা ও চট্টগ্রামে তাদের তিনটি উৎপাদনকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে দেশের পোশাক শিল্পে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
গত ১৪ সেপ্টেম্বর সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) একটি স্বয়ংক্রিয় ‘স্মার্ট ওয়্যারহাউস’ চালু করেছে অ্যাভেরি ডেনিসনের বাংলাদেশি সহযোগী প্রতিষ্ঠান প্যাক্সার বাংলাদেশ লিমিটেড। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এটি উদ্বোধন করেন।
৮৩০ বর্গমিটার আয়তনের এই ওয়্যারহাউসে চালকবিহীন সাতটি স্বয়ংক্রিয় যান (এজিভি) পণ্য আনা-নেওয়ার কাজ করে। এখানে ২৫ হাজার কার্টন পণ্য রাখা যায়। প্রতিষ্ঠানটির দাবি, এর ফলে পণ্য প্রক্রিয়াকরণের গতি ৭২ শতাংশ বেড়েছে এবং সংরক্ষণ সক্ষমতা আগের তুলনায় পাঁচ গুণ হয়েছে।
ডিজিটাল পণ্য পাসপোর্ট
প্রদর্শনীতে অ্যাভেরি ডেনিসন পোশাকশিল্পের জন্য তিন ধরনের প্রযুক্তিনির্ভর সেবা তুলে ধরে। এর একটি ‘এম্বেলেক্স’, যার মাধ্যমে স্পোর্টস, লাইফস্টাইল, ওয়ার্কওয়্যার ও ফ্যাশন ব্র্যান্ডের পোশাকে অলংকরণ ও ব্র্যান্ডিংয়ের সমন্বিত সেবা দেওয়া হয়। আরেকটি ‘অপটিকা‘। এটি সরবরাহব্যবস্থার প্রতিটি ধাপে পণ্যের অবস্থান ও অগ্রগতি পর্যবেক্ষণের সুযোগ দেয়। তৃতীয়টি ‘রেডিডিপিপি‘, যার মাধ্যমে কিউআর কোড, এনএফসি ও আরএফআইডি প্রযুক্তি ব্যবহার করে পোশাকের সঙ্গে ডিজিটাল তথ্য যুক্ত করা যায়। এতে ক্রেতারা পণ্যটি কোথায়, কীভাবে তৈরি হয়েছে, তা জানতে পারেন। ব্র্যান্ডগুলোও এর মাধ্যমে ‘ডিজিটাল পণ্য পাসপোর্ট’ ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহারভিত্তিক উৎপাদনের নিয়মকানুন মেনে চলতে পারে।
অ্যাভেরি ডেনিসনের অ্যাপারেল সলিউশনসের বাংলাদেশ ও শ্রীলঙ্কার জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন বলেছেন, “বিশ্বের পোশাক সরবরাহ ব্যবস্থায় দ্রুততা, স্বচ্ছতা ও টেকসই উদ্ভাবনের চাহিদা বাড়ছে। বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের সঙ্গে যৌথভাবে এগিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “ধারাবাহিক বিনিয়োগ, আধুনিক লজিস্টিকস ও ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে দেশের উৎপাদনকারী ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্য দীর্ঘমেয়াদি মূল্য সংযোজন করতে চায় অ্যাভেরি ডেনিসন।”