নড়াইলে জাতীয় নারী নৌকা বাইচ উপভোগ করলেন হাজারও নারী-পুরুষ
সংগৃহীত
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা নদীতে ‘জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম বাংলার আকর্ষণীয় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে এলাকার হাজারও নারী-পুরুষ ভিড় জমান।
শনিবার বিকেলে নারীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতায় মোট ১৬টি নৌকায় নারী মাঝি-মাল্লারা অংশ নেন।
নদীমাতৃক বাংলাদেশের অপার সৌন্দর্য ও ঐতিহ্যকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরাসহ গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে ‘জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, সংসদ সদস্য মাহমুদা হাবিবা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাস ও অলোকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস।
নারী নৌকা বাইচ প্রতিযোগিতায় সদর উপজেলার গুয়াখোলা গ্রামের মুক্তা অধিকারীর নৌকা প্রথমস্থান, হাতিয়ারার ববিতা সরকারের নৌকা দ্বিতীয়স্থান, রীনা বিশ্বাসের নৌকা তৃতীয়স্থান এবং মালিয়াটের চম্পা গোস্বামীর নৌকা চতুর্থস্থান অর্জন করে। সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
নৌকা বাইচ দেখতে আফরা নদীর দুইপাড়ে প্রায় দুই কিলোমিটার জুড়ে নড়াইল, যশোর ও খুলনাসহ আশপাশের এলাকার নারী-পুরুষরা ভিড় জমান।
আফরা নদীর দু’ধারে অবস্থিত বিভিন্ন বাসা-বাড়ির সামনে দাঁড়িয়ে বিভিন্ন বয়সী হাজার-হাজার নারী-পুরুষরা আকর্ষণীয় এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।
গ্রাম-বাংলার ঐহিত্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে আসা হাজারো শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলন মেলায় আফরা নদীর দু’পাড় উৎসবে পরিণত হয়। নৌকা বাইচ চলাকালে এগারোখান এলাকায় লোকের ভিড়ে তিল ধারণের ঠাঁই ছিল না কোথাও।
যশোরের বাঘারপাড়া উপজেলার দোগাছি গ্রামের বাসিন্দা বন্দনা বিশ্বাস বলেন, নারী মাঝি-মাল্লার অংশগ্রহণে নৌকাবাইচ দেখতে খুবই ভালো লাগলো। আনন্দ পেলাম।
তৃণমূল পর্যায়ের নারীদের এগিয়ে নিতে এ ধরনের আয়োজন নিঃসন্দেহে ব্যতিক্রমী। এ আয়োজনের মাধ্যমে নড়াইলের লোকজ ঐতিহ্য দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে।
নৌকাবাইচ দেখতে আসা সাবেক নারী ইউপি সদস্য ভারতী বিশ্বাস বলেন, নারীদের অংশগ্রহণে নৌকাবাইচের মতো আয়োজন নারীর ক্ষমতায়ন এবং উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গ্রামবাংলার ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতিকে সংরক্ষণ এবং প্রসারের উদ্দেশে এ ধরনের বাইচ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।