জমি নিয়ে বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িতে আগুন
প্রতিকি ছবি
শেরপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় জিন্নাত আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। হাসপাতালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত ভাতিজার বাড়িতে আগুন দিয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার কুসুমহাটি কাজের চর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে কাজিরচর গ্রামের মৃত টন মাহমুদের ছেলে জিন্নাত আলীর ওপর হামলা চালান তাঁর ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ আরও চার-পাঁচজন। এ সময় তাঁকে কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৮টা পর্যন্ত অভিযুক্তদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শেরপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাসরিন আক্তার জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গেছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।