বাবা নেই, ভ্যান চালিয়েই মা-বোনকে খাওয়াত প্রতিবন্ধী কিশোর, সেটিও চুরি

বাবা নেই, ভ্যান চালিয়েই মা-বোনকে খাওয়াত প্রতিবন্ধী কিশোর, সেটিও চুরি

ছবি: সংগৃহীত

বাবা মারা যাওয়ার পর পড়াশোনা ছেড়ে ভ্যান চালিয়ে মা ও ছোট বোনের খাবারের জোগান দিত শারীরিক প্রতিবন্ধী কিশোর স্বপন মাহমুদ (১৬)। ধারদেনা করে কেনা সেই ভ্যানটিও চুরি হয়ে গেছে। প্রায় আড়াই মাস ধরে উপার্জনের পথ বন্ধ। প্রতিবেশীদের সহায়তায় কোনোভাবে দিন কাটছে মা ও দুই সন্তানের পরিবারটির।

‘স্বামী স্ট্রোকে মারা গেছে। ছেলের জন্য একখানা ভ্যান কিনে দিয়েছিলাম। সেই ভ্যানটাও চুরি হয়ে গেছে। না খেয়েই দিন যায়, রাত যায়। এখন দুই সন্তান নিয়ে চলব কীভাবে? আমি প্রতিবন্ধী, আমার ছেলেও প্রতিবন্ধী। একখানা ভ্যান হলেই চলতে পারতাম।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার কুমারখালীর শারীরিক প্রতিবন্ধী জোসনা খাতুন (৩৮)। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মৃত মামুনের স্ত্রী। শারীরিক প্রতিবন্ধী ছেলে স্বপন মাহমুদ ও মেয়ে মারিয়া খাতুনকে (৯) নিয়ে তাঁর সংসার।

জানা গেছে, কুমারখালীর লাহিনীপাড়া-সান্দিয়ারা জিকে খাল সড়কের যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর বাজার এলাকায় একটি টিনের খুপড়ি ঘরে বসবাস করেন জোসনা খাতুন। প্রায় তিন বছর আগে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তাঁর দিনমজুর স্বামী। এরপর পড়াশোনা বন্ধ করে সংসারের দায়িত্ব নেয় কিশোর স্বপন। তাঁর বাম পায়ে শক্তি নেই (সেরিব্রাল পালসি)। ভারী কোনো কাজ করতে পারে না। ধারদেনা ও ঋণ করে ছেলের জন্য একটি মোটরচালিত ভ্যান কিনে দিয়েছিলেন মা। ভ্যান চালিয়ে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকা আয় করত স্বপন। সেই টাকায় কোনোভাবে চলছিল তিনজনের সংসার।

কিন্তু প্রায় আড়াই মাস আগে বাড়ি থেকে তাঁদের উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হয়ে যায়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান মেলেনি। আর্থিক সামর্থ্য না থাকায় নতুন ভ্যান কেনাও সম্ভব হয়নি। ফলে ভ্যান হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি।

রবিবার (৮ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামীণ সড়কের পাশে সামান্য জমিতে একটি টিনের খুপড়ি ঘর। ঘরের ছোট বারান্দায় দুই সন্তানকে নিয়ে বসে আছেন জোসনা খাতুন। রান্নার চুলায় আগুন জ্বলেনি। প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরাও।

এ সময় স্বপন মাহমুদ বলেন, ‘ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় বাবা মারা যান। এরপর সংসার চালাতে পড়াশোনা বন্ধ করে ভ্যান চালানো শুরু করি। প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকা আয় হতো। তা দিয়ে কোনোভাবে মা-বোনকে খাওয়াতাম। কিন্তু সেটিও (ভ্যান) চুরি হয়ে গেছে। এখন চেয়ে-চিন্তে কোনোভাবে সংসার চলছে।’

তিনি বলেন, ‘আমি প্রতিবন্ধী। ভারী কাজ করতে পারি না। একটি ভ্যান পেলেই আবার কাজ করে খেতে পারতাম।’

জোসনা খাতুন বলেন, ‘একটি ভ্যান কিনতে ৭০ থেকে ৮০ হাজার টাকা লাগে। কিন্তু এত টাকা পাব কোথায়? প্রতিবেশী ও আত্মীয়স্বজন কখনো চাল-ডাল, আবার কখনো রান্না করা খাবার দিচ্ছেন। তা দিয়ে দিন কাটছে। সরকার যদি একটি ভ্যান কিনে দিত, তাহলে খেয়ে-পরে বাঁচতে পারতাম।’

প্রতিবেশী ও যদুবয়রা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মরিয়ম খাতুন বলেন, পরিবারটি খুবই গরিব ও অসহায়। ভ্যান হারানোর পর থেকে মানবেতর জীবনযাপন করছে। সবাই মিলে এক-দুই মুঠো করে চাল, ডাল ও রান্না করা খাবার দিয়ে কোনোভাবে বাঁচিয়ে রেখেছেন। সমাজের বিত্তবান ও সরকারের পক্ষ থেকে একটি ভ্যান কিনে দেওয়া হলে পরিবারটি ঘুরে দাঁড়াতে পারত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম বলেন, প্রতিবন্ধী কিশোরের ভ্যান চুরি হওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মানবিক। লিখিত আবেদন পেলে সাধ্যমতো সহযোগিতা করা হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।