গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কারa
ফাইল ছবি
বরিশালের উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ হোসেন ওরফে মিঠুকে সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। রবিবার বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি ও সদস্যসচিব মো. কামরুল আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।
এর আগে শনিবার রাত ১০টার দিকে এক নারীর অজান্তে গোপনে আপত্তিকর ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে স্থানীয়রা বায়জিদকে আটক করে পুলিশে দেন। এ সময় তাঁকে মারধর করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। রবিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বায়জিদ হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের অজান্তে মুঠোফোনে গোপনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। এসব ভিডিও ব্যবহার করে নারীদের ব্ল্যাকমেইল ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
শনিবার রাত আনুমানিক ১০টার দিকে পৌর এলাকার এক প্রতিবেশী নারী বাথরুমে গেলে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে তাঁর গোপন ভিডিও ধারণের চেষ্টা করেন বায়জিদ। বিষয়টি ওই নারীর নজরে এলে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে বায়জিদকে আটক করেন। এ সময় তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিক নারীর গোপন ভিডিও পাওয়া যায় বলে স্থানীয়রা দাবি করেন। পরে উত্তেজিত জনতা তাঁকে মারধর করে।
খবর পেয়ে উজিরপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বায়জিদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, তাঁর ব্যবহৃত মুঠোফোনের দুটি গ্যালারিতে অসংখ্য পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, বায়জিদ হোসেনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।