একটি দল দেশের উন্নয়নে বাধা সৃষ্টির পাঁয়তারা করছে: মুশফিকুর রহমান

একটি দল দেশের উন্নয়নে বাধা সৃষ্টির পাঁয়তারা করছে: মুশফিকুর রহমান

ছবি: সংগৃহীত

 

দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করতে একটি দল বিদেশী শত্রুদের সঙ্গে পাঁয়তারা করছে বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এমপি মুশফিকুর রহমান। রবিবার (৮ নভেম্বর) বিকালে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত র‌্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।

উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন নেতারা এই কর্মসূচির আয়োজন করে। মুশফিকুর রহমান বলেন, দেশে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করছে বলে আমাদেরকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের মধ্যেও তারা ঢুকে গেছে। যারা আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের কাছ থেকে সকলকে সর্তক থাকতে হবে। আজকে আমাদের একটি বিশেষ দিন। সেই দিনটি হলো ৭ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তি পেয়েছিলেন। এই মুক্তির ফলে আজকে আমরা কথা বলতে পারছি। একটি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

তিনি বলেন, বাকশাল থেকে মুক্তি পেয়েও বিগত ১৭ বছর সেই বাকশালীয় নমুনায় আমাদেরকে চলতে হয়েছে। আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে কীভাবে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাব। আমাদের এই শপথ করতে হবে দেশে যেন বিভেদ সৃষ্টি না করতে পারে। আমাদের একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার চিন্তা করতে হবে। এই সমাজ তথা দেশকে মাদকমুক্ত করতে হবে। মাদক ব্যবসায়ী আমার দলের লোক হলেও তাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন নাজমুল হুদা খন্দকার, উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ইকলিল আযম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, পৌর বিএনপি সাবেক সভাপতি আশরাফ আলী,সিনিয়র সহসভাপতি বশির আহাম্মদ চৌধুরী, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দিপু, যুবদল নেতা শাহিদুল খা, সাবেক ছাত্রদল নেতা ছিদ্দিকুর রহমান বাবু, শহীদুল খা প্রমুখসহ অনেকে উপস্থিত ছিলেন।