লঙ্কান কোচের বিতর্কিত মন্তব্য ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠাল সাফ
ফাইল ছবি
এবার সাফের ডিসিপ্লিনারি কমিটির টেবিলে শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরির বিতর্কিত মন্তব্য। সাফ, রেফারিংয়ের পাশাপাশি বাংলাদেশ ও ভারতকে নিয়ে বিরূপ মন্তব্য করে কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে পড়েছেন কুয়েতি এই কোচ। বিষয়টি সাফ সচিবালয় থেকে ইতোমধ্যে ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হয়েছে।
সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ডিসিপ্লিনারি কমিটির কাছে প্রেরণ করেছি। ডিসিপ্লিনারি কমিটি এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’
কোচরা কোড অফ কন্ডাক্ট ভঙ্গের জন্য অনেক সময় আর্থিক জরিমানা, ম্যাচ বহিষ্কারাদেশ, সতর্ক পেয়ে থাকেন। আগামী পরশু দিন শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। এই ম্যাচের আগেই শাস্তির সিদ্ধান্ত আসবে কি? সাফ সাধারণ সম্পাদকের উত্তর, ‘ডিসিপ্লিনারি একটি স্বাধীন কমিটি। সেই কমিটি তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। তারা কখন এবং কী সিদ্ধান্ত নেবে- এটা সম্পূর্ণ তাদের এখতিয়ার।’
সাফের ডিসিপ্লিনারি কমিটি সাত জনের। এই কমিটির চেয়ারম্যান শ্রীলঙ্কার শিফান মাহরুফ ও ডেপুটি চেয়ারম্যান মালদ্বীপের ইসমাইল শিমান। পাঁচ সদস্যের মধ্যে রয়েছেন বাফুফের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান মেজবাহ উদ্দিনও।
এএফসি’র ডিসিপ্লিনারি কোডই সাফ মূলত অনুসরণ করে। শ্রীলঙ্কার কোচ সাফ টুর্নামেন্টে স্বাগতিক দেশের বাড়তি সুবিধা ও বাংলাদেশ-ভারতকে নিয়ে ফাইনাল ম্যাচ আয়োজনের অভিপ্রায় সাফের এমন মন্তব্য করেছেন। এর প্রেক্ষিতে সাফের ডিসিপ্লিনারি কমিটি কী সিদ্ধান্ত নেয় অপেক্ষায় থাকতে হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত লঙ্কান কোচের মন্তব্যকে ঘিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।