খুলনায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে
প্রতিকি ছবি
খুলনা মহানগরীর খালিশপুরে প্রেমের সম্পর্কের টানাপড়েনের জেরে অনিক হাসনাত মুন্না (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তার প্রেমিকার বিরুদ্ধে।
সোমবার বেলা ১১টার দিকে আলমনগর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তরুণকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তরুণীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
আহত অনিক খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। অভিযুক্ত ববি আক্তার (১৯) একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী।
জানা গেছে, আলমনগর রোলিং মিল মসজিদসংলগ্ন একটি ব্যাচেলর মেসের সামনে অনিককে ছুরিকাঘাত করেন ববি। অনিক কাঁচামরিচ নিয়ে যাওয়ার সময় ববি তাকে দেয়ালের সঙ্গে ঠেকিয়ে পেটে ছুরিকাঘাত করেন। এ সময় ববি অন্যদেরও ছুরিকাঘাতের হুমকি দেন। পরে স্থানীয়রা তার কাছ থেকে ছুরিটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, অনিক ও ববির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিরোধ চলছিল। তবে বিরোধের কারণ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। বিয়েতে অস্বীকৃতি এবং অন্য এক তরুণীর সঙ্গে অনিককে দেখার বিষয়টি সামনে এসেছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, মেয়েটির কিছুটা মানসিক সমস্যা রয়েছে বলে তার পরিবার জানিয়েছে। এ সংক্রান্ত চিকিৎসার কাগজপত্রও তারা নিয়ে এসেছে। অনিকের পেটে সামান্য ছুরির আঁচড় লেগেছে, বড় ধরনের কোনো জখম হয়নি।
ওসি জানান, অনিক এ ঘটনায় কোনো অভিযোগ করতে চাননি। তাকেও থানায় নেওয়া হয়েছিল। দুই পরিবারের আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার সম্ভাবনা রয়েছে। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।