সিরাজগঞ্জ কলেজে ছাত্রলীগের ব্যানার, অধ্যক্ষকে অবরুদ্ধ করলো ছাত্রদল
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার টানানো ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে তাঁকে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পদত্যাগের সময়সীমা বেঁধে দিয়ে তাঁরা অধ্যক্ষের কার্যালয় ত্যাগ করেন। একই সঙ্গে মঙ্গলবার সকাল থেকে অবরোধের ঘোষণা দিয়েছেন।
সোমবার দুপুরে কলেজের প্রধান ফটকে ১০ তারিখের অবরোধের সমর্থনে ছাত্রলীগের ব্যানার টানানো হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার জন্য কলেজের অধ্যক্ষ মহীদুল হাসানকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস এম জুয়েল রানাসহ অন্য নেতারা জানান, দিনে-দুপুরে ছাত্রলীগের নেতারা কলেজের প্রধান ফটকে ব্যানার টানিয়ে স্লোগান দিয়েছেন। তাঁদের ধারণা, এ ঘটনার সঙ্গে কলেজের অধ্যক্ষ জড়িত। এ কারণে তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে তাঁকে অবরুদ্ধ রাখা হয়। পদত্যাগ না করলে মঙ্গলবার সকাল থেকে আবারও অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখার হুঁশিয়ারি দেন তাঁরা।
কলেজ কর্তৃপক্ষ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিষয়টি সমঝোতার চেষ্টা করলেও তা সফল হয়নি।
অভিযোগের বিষয়ে কলেজের অধ্যক্ষ মহীদুল হাসান জানান, কলেজে বোর্ড পরীক্ষা থাকায় তিনি নিজের কক্ষে অবস্থান করছিলেন। ব্যানার টানানোর বিষয়ে তিনি অবগত ছিলেন না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।