দণ্ডিত শেখ হাসিনাকে চুক্তির আওতায় ফেরত দিতে হবে: প্রিন্স
ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দণ্ডিত অপরাধীকে পাসপোর্ট দেয়ার দাবি মামা বাড়ির আবদার। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গণহত্যায় দণ্ডিত শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির আওতায় ফেরত দিতে হবে। কোনো দণ্ডিত অপরাধীকে পাসপোর্ট দেয়া যায় না।
সোমবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে প্রিন্স বলেন, পলাতক আওয়ামী লীগ ভিনদেশি আধিপত্যবাদী শক্তির তুরুপের তাস। পটকা ফুটিয়ে, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশে দেশবিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না। বাংলাদেশের জনগণ দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস সৃষ্টি করেছে। এই জনগণ কোনো আধিপত্য, আগ্রাসন কিংবা পরাভব মেনে নেবে না।
তিনি প্রশাসনের প্রতি ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে বলেন, এরা দেশকে অস্থিতিশীল করতে নতুন করে ষড়যন্ত্র করছে। প্রতি পাড়ায় মহল্লায় ফ্যাসিস্টদের দোসরদের গতিবিধি পর্যবেক্ষণ করে জনগণকে সাথে নিয়ে তাদের চক্রান্ত প্রতিহত করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
শেখ হাসিনার কঠোর সমালোচনা করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, শেখ হাসিনা গণঅভ্যুত্থানের আগে বলেছিলেন, তিনি পালাবেন না। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন আবার বলছেন, তিনি দেশে ফিরে আসবেন। অতীতে বহুবার প্রমাণ হয়েছে তিনি যা বলেন, বাস্তবে তার উল্টো কাজ করেন। তিনি ফিরবেন না, তবে ফিরে আসার কথা বলে তাদের পালাতক নেতাকর্মীদের গর্ত থেকে বের করে এনে দেশে বিশৃঙ্খলা ও নাশকতা করে দেশকে অস্থিতিশীল করতে চায়।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করেছে। এই অর্জনকে সুসংহত করতে হবে। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিক প্রমুখ বক্তব্য রাখেন। এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সদস্য সচিবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধোবাউড়া উপজেলা চত্বরে মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধোবাউড়া বাজারে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।