প্রধানমন্ত্রীর সহযোগিতায় তুরস্ক যাচ্ছেন সোনারগাঁয়ের সায়মন
ফেরদৌস সিদ্দিক সায়মন
প্রধানমন্ত্রীর সহযোগিতায় জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ও সেন্টার ফর এনভায়রনমেন্টাল গভর্ন্যান্সের চিফ কো-অর্ডিনেটর ফেরদৌস সিদ্দিক সায়মন। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হবে এই বৈশ্বিক জলবায়ু সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ এবং তরুণ সংগঠকেরা অংশ নেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও সম্মেলনে যোগ দেবেন।
এ বিষয়ে ফেরদৌস সিদ্দিক সায়মন জানান, আন্তর্জাতিক সংগঠনগুলোর অর্থায়ন অপ্রতুল থাকায় কপ-৩১-এ অংশ নেওয়া তার জন্য অনিশ্চিত ছিল। তবে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জানার পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে সার্বিক সহযোগিতার ব্যবস্থা করেন।
পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা ও খরার মতো সংকট মোকাবিলা করছে দেশটি। এই সম্মেলনে বাংলাদেশর জলবায়ু সংকট, তরুণদের ভাবনা এবং সম্ভাব্য সমাধান তুলে ধরার সুযোগ পাবেন তরুণ এই প্রতিনিধি।
তিনি আরও বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস (GHG) নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত নগণ্য হলেও গ্লোবাল সাউথের দেশ হওয়ায় আমাদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি। এ বছর কপ-৩১ সম্মেলনে ঋণ নয়, বরং সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশগুলোর থেকে আর্থিক অনুদান ও ক্ষতিপূরণ আদায়ের পক্ষে জোরালো কণ্ঠ তুলবেন তিনি।