কৃষি গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন শেকৃবি অধ্যাপক

কৃষি গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন শেকৃবি অধ্যাপক

অধ্যাপক ড. কামরুন নাহার

কৃষি ও পরিবেশবিষয়ক গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অধ্যাপক ড. কামরুন নাহার। উন্নয়নশীল বিশ্বের বিজ্ঞান ও গবেষণার অগ্রগতিতে কাজ করা আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের (TWAS) ২০২৭ সালের নতুন আজীবন ফেলো নির্বাচিত হওয়ার পাশাপাশি অর্জন করেছেন সংস্থাটির মর্যাদাপূর্ণ ‘TWAS ফায়জাহ এম. আল-খারাফি পুরস্কার’।

শুক্রবার (৬ নভেম্বর) প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। এবারের নির্বাচনে বিশ্বের বিভিন্ন দেশের মোট ৮৭ জন বিজ্ঞানী TWAS-এর আজীবন ফেলো নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের সাতজন বিজ্ঞানী রয়েছেন। অধ্যাপক কামরুন নাহার তাদের একজন।

তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক। কৃষি ও পরিবেশবিজ্ঞান গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ আন্তর্জাতিক সম্মাননা দেওয়া হয়েছে।

বাংলাদেশের কৃষি বাস্তবতায় কৃষি ও পরিবেশবিষয়ক গবেষণার গুরুত্ব অপরিসীম। কৃষিজমিতে লবণাক্ততা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, ফসলের উৎপাদন এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক গবেষণা সরাসরি খাদ্যনিরাপত্তা ও কৃষকের জীবনমানের সঙ্গে সম্পর্কিত। এমন প্রেক্ষাপটে অধ্যাপক কামরুন নাহারের এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের কৃষিবিজ্ঞান গবেষণার জন্যও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি।

প্রসঙ্গত, TWAS উন্নয়নশীল দেশগুলোর বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার উৎকর্ষ সাধনে কাজ করা একটি আন্তর্জাতিক বিজ্ঞান একাডেমি। সংস্থাটির ফেলোশিপ বিশ্বমানের গবেষণা ও বৈজ্ঞানিক অবদানের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

অধ্যাপক কামরুন নাহারের এ অর্জনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। তার এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের কৃষি গবেষণায় নতুন প্রজন্মকে আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।