গাজীপুরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করতে ‘ক্লিন আপ ড্রাইভ’ শুরু
সংগৃহীত
একটি পরিবেশবান্ধব, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর গাজীপুর সিটি করপোরেশন গড়ার লক্ষ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় ‘ক্লিন আপ ড্রাইভ’ নামের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালু হয়েছে।
‘করবো কাজ, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সোমবার টঙ্গী বাজার এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।
প্রধান অতিথি প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, জনবসতি বৃদ্ধি, ত্রুটিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা এবং যত্রতত্র ময়লা ফেলার ফলে নগরীর সড়ক, অলিগলি ও নর্দমা দূষিত হচ্ছে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এমতাবস্থায় নাগরিক অভ্যাস বদল এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন, ‘ক্লিন আপ ড্রাইভ' কেবল একটি সাময়িক অভিযান নয়, বরং একটি সুস্থ ও বাসযোগ্য শহর গঠনের দীর্ঘমেয়াদী উদ্যোগ। পর্যায়ক্রমে সিটির প্রতিটি ওয়ার্ডে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। পাশাপাশি বর্জ্য অপসারণের গতি বাড়ানো, ডাস্টবিন স্থাপন ও নাগরিক দায়িত্বশীলতার ওপর বিশেষ জোর দেন তিনি।’
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা ও টঙ্গী জোন-১-এর নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম।
বক্তারা বলেন, শুধু প্রশাসন বা করপোরেশনের একক প্রচেষ্টায় নয়, বরং ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণে টঙ্গী ও গাজীপুরকে একটি পরিদৃশ্যমান স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, জাইকার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং স্পেশালিস্ট কহিনুর খান, প্রকৌশলী মিজানুর রহমান, আফসানা জামান প্রান্তী, এ আর ইউসুফ সাদী, মো. আজিজুল হক ও আফ্রিন সুলতানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে টঙ্গী বাজার ও আশপাশের জনাকীর্ণ এলাকায় শুরু হয় পরিচ্ছন্নতা কার্যক্রম। এ সময় স্বেচ্ছাসেবকরা পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে যত্রতত্র পলিথিন, প্লাস্টিক ও আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে সচেতন করেন। এছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার নানা উপকরণ বিতরণ করা হয়।
পরে একটি র্যালি বের হয়ে টঙ্গী বাজার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।