নোয়াখালী সরকারি কলেজে পূবালী ব্যাংকের ডিজিটাল সেবা ক্যাম্পেইন

নোয়াখালী সরকারি কলেজে পূবালী ব্যাংকের ডিজিটাল সেবা ক্যাম্পেইন

সংগৃহীত

নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য বিনা খরচে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও ডিজিটাল লেনদেনের সুযোগ নিয়ে ক্যাম্পেইন শুরু করেছে পূবালী ব্যাংক পিএলসি। এ উদ্যোগের আওতায় শিক্ষার্থীরা পাই (PI Banking) অ্যাপের মাধ্যমে কলেজের বিভিন্ন ফি পরিশোধসহ মাসে এক লাখ টাকা পর্যন্ত বিনা খরচে লেনদেন করতে পারবেন।

সোমবার (৯ নভেম্বর) সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে পূবালী ব্যাংক পিএলসির মাইজদী বাজার শাখার উদ্যোগে অ্যাকাউন্ট খোলা এবং মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল সেবা অ্যাপ (PI Banking) নিবন্ধন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন পূবালী ব্যাংকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মাইজদী বাজার শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক মো. এবিএম সানাউল্লাহ এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. রিয়াজ উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা জানান, পূবালী ব্যাংকে শিক্ষার্থীরা বিনা খরচে সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। পাশাপাশি পাই অ্যাপ ব্যবহার করে কোনো চার্জ ছাড়াই কলেজের ভর্তি ফি, ফরম পূরণের ফি, সেশন ফিসহ বিভিন্ন ধরনের লেনদেন করতে পারবেন।

এছাড়া, শিক্ষার্থীরা প্রতি মাসে বিনা খরচে এক লাখ টাকা পর্যন্ত লেনদেনের সুযোগ পাবেন। পাশাপাশি এক বছরের জন্য বিনা মূল্যে ডেবিট কার্ডও সংগ্রহ করতে পারবেন।