ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে নেসলে কর্মকর্তার মৃত্যু, তদন্তের দাবি

ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে নেসলে কর্মকর্তার মৃত্যু, তদন্তের দাবি

ছবিঃ সংগৃহীত।

ফেনী শহরে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে আহমেদুর রহমান আকাশ (৩০) নামে বেসরকারি প্রতিষ্ঠান নেসলের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার ডাক্তার ডানহাম গলিতে এ ঘটনা ঘটে। তবে তার মৃত্যুর ঘটনাকে রহস্যজনক দাবি করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে পরিবার।

নিহত আকাশ চট্টগ্রামের মিরসরাই উপজেলার আজমনগর গ্রামের আনোয়ারুল ইসলাম বাহারের ছেলে। তিনি নেসলে কোম্পানির আইটি বিভাগে কর্মরত ছিলেন। ফেনী শহরের ‘মায়ের দোয়া শান্তি মহল’ নামের ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, দ্বিতীয় সন্তান প্রসবের জন্য কিছুদিন আগে স্ত্রী ও প্রথম সন্তানকে নিয়ে চট্টগ্রামে বাবার বাড়িতে যান আকাশের স্ত্রী। তিনদিন আগে চট্টগ্রামের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের দ্বিতীয় সন্তান জন্ম নেয়। সোমবার দুপুরের পর চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশে রওনা হন আকাশ।

স্বজনদের দাবি, বিকেল থেকে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। পরে রাত ১১টার দিকে ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যুর খবর পান তারা।

নিহতের খালু বাহা উদ্দিন মোরশেদ বলেন, পারিবারিকভাবে আকাশ বেশ সুখেই ছিলেন। মাত্র তিনদিন আগে তার দ্বিতীয় সন্তান জন্ম নিয়েছে। এমন পরিস্থিতিতে কীভাবে তিনি ছাদ থেকে পড়ে মারা গেলেন, তা তাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চান তারা।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি জানান, প্রাথমিকভাবে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আকাশ একাই ফ্ল্যাটের দরজায় তালা দিয়ে ছাদের দিকে উঠেছিলেন। তবে কীভাবে বা কী কারণে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।