জামায়াত তরুণদের মাদক থেকে দূরে রাখতে চায়: সেলিম উদ্দিন

জামায়াত তরুণদের মাদক থেকে দূরে রাখতে চায়: সেলিম উদ্দিন

ছবিঃ সংগৃহীত।

জামায়াতে ইসলামী তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে মা-বাবার চোখের মণি এবং সমাজের আশার আলো হিসেবে গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, তরুণরা নিজেদের এমনভাবে প্রস্তুত করবেন যেন চাকরির পেছনে ছুটতে না হয় বরং চাকরিই তাদের পেছনে ছোটে। শুধু চাকরির সন্ধান না করে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠে হাজার হাজার তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

সোমবার (৯ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর আনসার ক্যাম্পে আবাবিল যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে সেলিম উদ্দিন বলেন, পড়াশোনার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও কারিগরি দক্ষতা অর্জন করতে হবে। যারা পড়াশোনা করছে না, চাকরি পাচ্ছে না কিংবা বিদেশে যেতে পারছে না তাদের নিজেদের ব্যর্থ বা লজ্জিত ভাবার কোনো কারণ নেই। কম্পিউটার ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন ক্ষেত্রে ঘরে বসেই আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ তৈরি করা সম্ভব। পাশাপাশি যেখানেই সুযোগ পাওয়া যায় কাজের মাধ্যমে নিজেকে কর্মমুখী করে তুলতে হবে।

বেকারত্বের নেতিবাচক প্রভাব তুলে ধরে তিনি বলেন, বেকারত্ব তরুণদের হতাশার দিকে ঠেলে দিচ্ছে। অনেক ক্ষেত্রে মাদকাসক্তি ও অপরাধপ্রবণতার ঝুঁকিও বাড়াচ্ছে। তরুণরা দেশের সম্পদ ও সম্ভাবনা। সমাজে নেতৃত্ব দিতে চাইলে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে। অর্থনৈতিক সীমাবদ্ধতাকে স্বপ্নপূরণের পথে বাধা হতে দেওয়া যাবে না।

তরুণদের নৈতিকতা ও সততার ভিত্তিতে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, অসৎ সঙ্গ পরিহার করতে হবে। জামায়াতে ইসলামী তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে মা-বাবার চোখের মণি এবং সমাজের আশার আলো হিসেবে গড়ে তুলতে চায়। কোনো তরুণকে বিপথে যেতে দেওয়া উচিত নয়।

দেশের কর্মসংস্থান ও শিল্পায়ন প্রসঙ্গে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন কলকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। বর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনসহ মানুষের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য তৈরির শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এসব প্রতিষ্ঠানে তরুণদের নেতৃত্ব ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

ঢাকা শহরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, একসময় ঢাকা শহরকে রূপসী নগরী বলা হতো। কিন্তু অপরিকল্পিত নগরায়ণ ও ব্যর্থতার কারণে শহরটি আজ নানা সমস্যায় জর্জরিত। ঢাকাকে বিশ্বের উন্নত শহরগুলোর মতো পরিকল্পিত ও বাসযোগ্য করে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তিনি আরও বলেন, ঢাকার দায়িত্ব এমন নেতৃত্বের হাতে দিতে হবে, যাদের মধ্যে সততা, নিষ্ঠা ও আমানতদারি রয়েছে। দুর্নীতি, চুরি, ঘুস ও দখলদারত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনকল্যাণমূলক নগরব্যবস্থা গড়ে তুলতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত। এতে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মু. সাইফুল ইসলাম। এ সময় আবাবিল যুব ফাউন্ডেশনের নেতারা ও স্থানীয় তরুণরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) এসব তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার।