বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের মধ্যে সিআইবি চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের মধ্যে সিআইবি চুক্তি স্বাক্ষর

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) ও কর্মসংস্থান ব্যাংকের মধ্যে সিআইবি ডেটাবেইজে প্রবেশাধিকার-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

চুক্তির আওতায় কর্মসংস্থান ব্যাংক নির্ধারিত নীতিমালার অনুসরণ করে সিআইবি ডেটাবেইজে সংরক্ষিত ঋণসংক্রান্ত তথ্য যাচাই ও ব্যবহারের সুযোগ পাবে, যা ব্যাংকটির ঋণঝুঁকি মূল্যায়ন, তথ্যভিত্তিক ঋণ সিদ্ধান্ত গ্রহণ এবং ঋণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণে সহায়ক হবে। 

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান এবং সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) আশীষ কুমার রায়।   

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান বলেন, এ চুক্তির মাধ্যমে কর্মসংস্থান ব্যাংক ঋণগ্রহীতাদের ঋণসংক্রান্ত তথ্য আরও কার্যকরভাবে যাচাই করতে সক্ষম হবে, যা ব্যাংকটির ঋণ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ ও আর্থিক সেবার মানোন্নয়নে সহায়ক হবে। 

তিনি সিআইবি ডেটাবেইজে সঠিক ও হালনাগাদ তথ্য রিপোর্টিং, তথ্যের যথাযথ ব্যবহার এবং বিদ্যমান নীতিমালা পরিপালনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সভাপতি জনাব আশীষ কুমার রায় সিআইবি ডেটাবেইজে নির্ভুল তথ্য প্রেরণ ও যাচাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তথ্য ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। 

কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী বলেন, সিআইবি ডেটাবেইজে প্রবেশাধিকারের ফলে ব্যাংকটির ঋণ কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নিরাপদ হবে এবং ঋণঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগ গ্রহণের জন্য তিনি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।   

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সিআইবি’র অতিরিক্ত পরিচালক শ্যামল কুমার মজুমদার সিআইবি’র প্রতিষ্ঠা, ক্রমবিকাশ ও কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন এবং সিআইবি ডেটাবেইজে সঠিক ও নির্ভুল তথ্য প্রেরণ, তথ্য যাচাই ও বিদ্যমান নীতিমালা অনুসরণের গুরুত্ব ব্যাখ্যা করেন। 

এতে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকবৃন্দসহ সিআইবি’র পরিচালক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মাহফুজুর রহমান খান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর পক্ষে পরিচালক মো. শফিকুল ইসলাম এবং কর্মসংস্থান ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিআইবি’র সহকারী পরিচালক মার্জিয়া শারমিন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন এ চুক্তি কর্মসংস্থান ব্যাংকের ঋণতথ্য ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, ঋণ কার্যক্রমে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক ঋণশৃঙ্খলা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।