কারমাইকেল কলেজের গৌরবময় পথচলার ১১০ বছরপূর্তি উৎসব অনুষ্ঠিত

কারমাইকেল কলেজের গৌরবময় পথচলার ১১০ বছরপূর্তি উৎসব অনুষ্ঠিত

সংগৃহীত

‘উত্তরের অক্সফোর্ড’খ্যাত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রংপুর কারমাইকেল কলেজের গৌরবময় পথচলার ১১০ বছরপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে প্রথম পর্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জিএল হোস্টেল মাঠে আলোচনা সভা, স্মৃতিচারণ ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে, সকাল ১০ টায় জাতীয় ও কলেজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আনুষ্ঠানিকতা। উত্তরবঙ্গের শিক্ষা বিস্তারের কেন্দ্রবিন্দু এই শিক্ষাঙ্গনে নবীন-প্রবীণ শিক্ষক আর শিক্ষার্থীদের উপস্থিতিতে অন্যরকম আনন্দঘন পরিবেশ তৈরি হয়। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাজসজ্জায় নবরূপে সেজেছিলো পুরো প্রাঙ্গণ।

ঐতিহ্যের ১১০ বছরপূর্তি উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হোসেন মণ্ডল। বিকেলে একই মাঠে কলেজের সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক আবু সায়েম বলেন, ব্রিটিশ শাসন, পাকিস্তানি শোষণ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে কারমাইকেল কলেজ এক জীবন্ত সাক্ষী। এই প্রতিষ্ঠানের শতবছরের গৌরব ও অর্জন অনন্য। তাই নবীন-প্রবীণ শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর হয়েছে পুরো ক্যাম্পাস।

১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নামেই কলেজের নামকরণ করা হয় কারমাইকেল কলেজ। ১৯১৭ সালের জুলাইয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় এখানে আইএ ও বিএ ক্লাস খোলার অনুমতি দেয়। শুরুতে প্রায় দুই বছর রংপুর জেলা পরিষদ ভবনে ক্লাস পরিচালিত হয়। ১৯১৮ সালের ১২ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয় মূল ভবনের। জার্মান নাগরিক ড. ওয়াটকিন ছিলেন কলেজের প্রথম অধ্যক্ষ।