মাদ্রাসায় আগুন : চিকিৎসা শেষে ছাড়া পেলেন ৭৬ জন, এখনো ভর্তি ১৮ জন
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুনের ঘটনায় দগ্ধ ও আহত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ জন মাদ্রাসাশিক্ষার্থীর মধ্যে ৭৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বর্তমানে সেখানে ১৮ জন শিক্ষার্থী ভর্তি রয়েছেন। বুধবার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি জানিয়ে ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।
তিনি জানান, আইসিইউতে মোট চারজন রোগী চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে একজন এখনো ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় অন্য একজনকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
প্রসঙ্গত, গত সোমবার দিবাগত রাত একটার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুন লাগে। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা জানায়, মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। ওই ভবনে রাতে প্রায় ২৫০ শিক্ষার্থী অবস্থান করছিল। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার পরপরই ভবনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় ঘন ধোঁয়ায় দম বন্ধ হয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে রাতেই তাদের চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছিল, তা শিক্ষার্থীরা জানাতে পারেনি।