যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট প্রার্থীর বিজয়

যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট প্রার্থীর বিজয়

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মার্কিন সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কোলোম।রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঙ্গরাজ্যে কয়েক দশক পর ডেমোক্র্যাটদের এই জয় বিরল ও ঐতিহাসিক ঘটনা।

পেশায় প্রসিকিউটর কোলোম গত ১৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে অঙ্গরাজ্যটির প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর হতে যাচ্ছেন। স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বর্তমান রিপাবলিকান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে অল্প ব্যবধানে পরাজিত করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের অন্যতম বড় অঘটন হিসেবে দেখা হচ্ছে এই জয়কে।

এই জয় ডেমোক্র্যাটদের সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে দলটি বড় ধরনের সাফল্য পেয়েছে এবং রিপাবলিকানদের দখলে থাকা অন্তত আটটি সিনেট আসন নিজেদের করে নিয়েছে। তবে আলাস্কায় একটি সিনেট আসনের ফলাফল এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মিসিসিপির এই নির্বাচনী লড়াইয়ে ফলাফল কার পক্ষে যাবে তা এক সপ্তাহেরও বেশি সময় ধরে অনিশ্চিত ছিল, কারণ নির্বাচন কর্মকর্তারা ১ লাখেরও বেশি ডাকযোগে আসা ব্যালট (মেইল-ইন ব্যালট) গণনা করছিলেন। এছাড়া ভোটকেন্দ্রে নিজেদের নিবন্ধন নিশ্চিত করতে না পারা হাজার হাজার ভোটার ‘প্রভিশনাল ব্যালট’ বা সাময়িক ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছিলেন, যা বৈধ কি না তা যাচাই করার প্রয়োজন ছিল। অবশিষ্ট ব্যালট গণনার সময় কোলোম এবং হাইড-স্মিথ সম্পূর্ণ ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন।

যদিও নির্বাচনের পর হাইড-স্মিথকে জনসমক্ষে দেখা যায়নি। সিনেটের অধিবেশন শুরু হওয়ার পর তিনি চলতি সপ্তাহেই ওয়াশিংটনে ফিরে আসেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, আইনত প্রদত্ত প্রতিটি ভোট সঠিকভাবে গণনা করা হলে তিনিই জয়ী হবেন। অন্যদিকে নির্বাচনের পর কোলোম ধারাবাহিকভাবে বিভিন্ন জনসভায় অংশ নেন এবং সেখানে নিজের প্রতিদ্বন্দ্বীর কঠোর সমালোচনা করেন।

শুক্রবার মিসিসিপির জ্যাকসনে সাংবাদিকদের কোলোম বলেন, শেষ পর্যন্ত, কোনো না কোনো পর্যায়ে সিনেটরকে তো মুখ খুলতেই হবে। সিন্ডি হাইড-স্মিথ কোথায়? আমরা তার কাছ থেকে কিছু শুনতে চাই। তাকে প্রশ্নের উত্তর দিতে হবে। জয়ের পথে তার কৌশল কী? আসলে তার কোনো কৌশলই নেই।

এটিই প্রথম নয়, এই দুই প্রার্থী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি হয়েছেন। এর আগে ২০২৩ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন কোলোমকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছিলেন, তখন ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের বিষয়ে কোলোমের অবস্থানের সমালোচনা করে হাইড-স্মিথ তার নিয়োগ আটকে দিয়েছিলেন। ওই পদের জন্য সিনেটের অনুমোদনের প্রয়োজন ছিল। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যে অঙ্গরাজ্যে ২২ পয়েন্টেরও বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন, সেখানে কোলোমের এই জয় যেন প্রচলিত রাজনৈতিক সমীকরণকেই উল্টে দিয়েছে।

মিসিসিপিতে সর্বশেষ ডেমোক্র্যাট মার্কিন সিনেট নির্বাচনে জয়ী হয়েছিলেন, তা ছিল ১৯৮২ সালে। সেবার জন স্টেনিস রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী হ্যালি বারবারকে পরাজিত করেছিলেন। হ্যালি বারবার পরবর্তীতে অঙ্গরাজ্যটির গভর্নর হয়েছিলেন। কোলোম ন্যূনতম মজুরি বৃদ্ধি, গ্রামীণ হাসপাতালগুলোর সুরক্ষা জোরদার এবং ইরানে মার্কিন যুদ্ধ অবসানের পক্ষে কথা বলে এসেছেন। আগামী জানুয়ারিতে তিনি শপথ গ্রহণ করবেন। তিনি হবেন এই কক্ষের সপ্তম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা।

সূত্র: আলজাজিরা।