ইংল্যান্ডের আগে আইরিশদের বিপক্ষে টেস্ট খেলার লক্ষ্য বিসিবির
ফাইল ছবি
আগামী বছরে ২৮ মে থেকে লর্ডসে বাংলাদেশের বিপক্ষে একটি একক টেস্ট ম্যাচ আয়োজন করবে ইংল্যান্ড। তবে ওই ম্যাচের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে চেমসফোর্ডে একটি টেস্ট ম্যাচ খেলার আশা করছেন বিসিবির কর্মকর্তারা। এই প্রক্রিয়ায় সঙ্গে যুক্ত বোর্ডের এক কর্মকর্তা ক্রিকেটভিক্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা বলেন, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড লর্ডসে ম্যাচটির সময়সূচি ঘোষণা করেছে। আমরা আশা করছি, দুই বোর্ডের মধ্যকার আলোচনার পরিপ্রেক্ষিতে ক্রিকেট আয়ারল্যান্ডও তাদের বিপক্ষে একটি একক টেস্ট ম্যাচ আয়োজনের ঘোষণা দেবে। তিনি আরও বলেন, তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না, তবে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটি নিয়ে আমরা অবশ্যই আশাবাদী।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) বাংলাদেশের জন্য ইংল্যান্ড সফরের কোনো পরিকল্পনা ছিল না। তবে আগামী বছর নিজেদের মাটিতে অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে ইসিবি বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলার প্রস্তাব দেয়। এর মাধ্যমে ১৭ বছর পর লর্ডসে ফিরবে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ ২০০৫ সালে এবং ২০১০ সালে ইংল্যান্ডে টেস্ট খেলেছে।
ইংল্যান্ড সফরের আগে ঘরের মাঠে মাটিতে ইংলিশদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। চেমসফোর্ড কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হলেও, সেখানে এখনো কোনো টেস্ট ম্যাচ আয়োজিত হয়নি।