নারায়ণগঞ্জের সেই মাদ্রাসা পুননির্মাণে জেলা পরিষদের অনুদানের আশ্বাস

নারায়ণগঞ্জের সেই মাদ্রাসা পুননির্মাণে জেলা পরিষদের অনুদানের আশ্বাস

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া আবাসিক মাদ্রাসার পাঠাগার পুননির্মাণের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। বুধবার (১১ নভেম্বর) রাতে মাদ্রাসা পরিদর্শন করে তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রতিষ্ঠানটি পুননির্মাণের জন্য অনুদানের আশ্বাস দেন। একই সাথে তিনি দোয়া মাহফিলে অংশ নেন।

এ সময় মামুন মাহমুদ বলেন, পাঠাগারটিতে গত ২০ থেকে ২৫ বছরে গড়ে তোলা দুর্লভ সংগ্রহশালা ছিল। সেখানে মূল্যবান হাদিস ও ধর্মীয় বই ছিল, যেগুলোতে আলেম-ওলামারা গবেষণা করতেন এবং শিক্ষার্থীরা জ্ঞানচর্চা করতেন। আগুনে পাঠাগারটির ক্ষতি হওয়া অত্যন্ত দুঃখজনক। এখানে ক্ষতির পরিমাণ অনেক। জেলা পরিষদের মাধ্যমে পাঠাগারটি পুনর্গঠন ও পুননির্মাণে কমপক্ষে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হবে।

আহত শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, ৭০ থেকে ৭৫ জনের বেশি শিক্ষার্থী ধোঁয়ায় আক্রান্ত হয়েছিলেন। তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। এখনও আটজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় আছেন।

পরিদর্শনের সময় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।