ভারতে ‘হ্যাপি দিওয়ালি, সবাইকে মেরে ফেলব’ বলেই প্রতিবেশীকে গুলি করে হত্যা
ছবিঃ সংগৃহীত।
ভারতের হরিয়ানার ফরিদাবাদে পার্কিং নিয়ে বিরোধের জেরে এক প্রতিবেশীকে গুলি করে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।ফুটেজে দেখা গেছে, প্রকাশ্য রাস্তায় একের পর এক গুলি চালিয়ে ৪২ বছর বয়সী পরমজিৎ ধনখরকে হত্যা করছেন তার প্রতিবেশী মনু শর্মা। গুলিবিদ্ধ অবস্থায় প্রাণ বাঁচাতে দৌড়ানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি পরমজিতের। এ সময় ঘটনাস্থলে থাকা তার আতঙ্কিত ছেলেকেও দৌড়ে পালাতে দেখা যায়।
হত্যাকাণ্ডের সময় অভিযুক্তকে বলতে শোনা যায়, ‘হ্যাপি দিওয়ালি, মুবারক’ এবং ‘সবাইকে মেরে ফেলব, সবাইকে মেরেই যাব। ’
গত ৬ নভেম্বর ধনতেরাসের সন্ধ্যায় ফরিদাবাদের সেক্টর ২১সি এলাকায় এ ঘটনা ঘটে। পরমজিৎ ধনখর সিঙ্গাপুরে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এর আগে তিনি টেক মাহিন্দ্রার সাবেক কর্মকর্তা ছিলেন।
পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুর থেকে ভারতে এসেছিলেন তিনি। ঘটনার মাত্র এক দিন আগে দেশে পৌঁছান পরমজিৎ। কিন্তু দেশে ফেরার পরদিনই প্রতিবেশীর গুলিতে প্রাণ হারাতে হয় তাকে।
প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজে হত্যাকাণ্ডের ভয়াবহ মুহূর্তগুলো ধরা পড়েছে।
ভিডিওতে দেখা যায়, পার্কিংয়ের সমস্যা নিয়ে কথা বলার অজুহাতে পরমজিৎকে তার ফ্ল্যাট থেকে ডেকে বের করেন অভিযুক্ত মনু শর্মা। এ সময় পরমজিতের ছেলেও সেখানে উপস্থিত ছিল। পরে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়।
কথোপকথনের একপর্যায়ে মনু পরমজিৎকে প্রশ্ন করেন, তিনি ‘বিধবা’ বলতে কী বোঝেন, তা জানেন কি না। পাশাপাশি তাকে মারধরের জন্য তিনজন লোক পাঠানোর অভিযোগও তোলেন।
এসব অভিযোগ শুনে পরমজিৎকে বেশ বিভ্রান্ত দেখাচ্ছিল। কী ঘটেছে, তা জানতে চান তিনি। এমনকি দুই হাত জোড় করে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন এবং বারবার মনুর কাছে সমস্যার কারণ জানতে চান।
কিন্তু কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। টি-শার্ট ও ট্রাউজার পরা মনু হঠাৎ তার ডান পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করেন। এরপর কোনো সুযোগ না দিয়েই পরমজিৎকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে একাধিক গুলি ছোড়েন তিনি। সবমিলিয়ে পরমজিৎকে লক্ষ্য করে ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গুলি ছোড়ার পর প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করেন পরমজিৎ। কিন্তু মনুও পিছু নিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন। একপর্যায়ে পরমজিৎ ভবনের বাইরে চলে যান এবং গেট বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু পিছু নিতে থাকা মনু সেখানেও তাকে ছাড়েননি।
গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় পরমজিৎ অভিযুক্তকে ধরে ফেলার চেষ্টা করেন। একপর্যায়ে মনুর কলার চেপে ধরলে দুজনের মধ্যে কয়েক মুহূর্তের জন্য ধস্তাধস্তি হয়। এ সময় ভবন থেকে এক নারীকে সাহায্যের জন্য চিৎকার করতে করতে ছুটে আসতে দেখা যায়।
এরপর পরিস্থিতি দেখে মনে হচ্ছিল, মনু হয়তো সেখান থেকে পালিয়ে যাবেন। কিন্তু তা না করে তিনি আবারও আগ্নেয়াস্ত্রটি ভরতে শুরু করেন। অস্ত্রটি পুনরায় প্রস্তুত করে পরমজিতের দিকে এগিয়ে যান এবং তাকে লক্ষ্য করে আরও চার রাউন্ড গুলি ছোড়েন। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
গুলি চালানোর সময় মনুকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘হ্যাপি দিওয়ালি, মুবারক। ’ এরপরই তার হুমকি, ‘সবাইকে মেরে ফেলব, সবাইকে মেরেই যাব। ’ উৎসবের রাতে এমন ভয়াবহ হত্যাকাণ্ডের দৃশ্য সামনে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার পরপরই অভিযুক্ত মনু শর্মাকে গ্রেফতার করে পুলিশ। সুরজকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) প্রহ্লাদ কুমার জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে অপরাধ দমন শাখার (ক্রাইম ব্রাঞ্চ) সব দলকে তাৎক্ষণিকভাবে সক্রিয় করা হয়েছিল। দ্রুত অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, পরমজিৎ তার ভাতিজার বিয়েতে যোগ দিতে ঘটনার মাত্র এক দিন আগে সিঙ্গাপুর থেকে ভারতে এসেছিলেন।
পরমজিৎ ও অভিযুক্ত মনু একই ভবনে বসবাস করতেন। ভবনটির প্রথম তলায় থাকতেন পরমজিৎ, আর তৃতীয় তলায় থাকতেন মনু।
প্রতিবেশী হলেও পার্কিং নিয়ে তাদের মধ্যে প্রায়ই মতবিরোধ দেখা দিত। এ ছাড়া বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়েও দুজনের মধ্যে বিরোধ চলছিল। পুলিশের ধারণা, দীর্ঘদিনের এসব বিরোধই শেষ পর্যন্ত ভয়াবহ হত্যাকাণ্ডের দিকে গড়ায়। গত ৬ নভেম্বরের সেই বিরোধের জেরেই মনু আগ্নেয়াস্ত্র দিয়ে পরমজিতের ওপর হামলা চালান।
পার্কিংয়ের মতো সামান্য বিষয়কে কেন্দ্র করে এমন নৃশংস হত্যাকাণ্ড এবং সিসিটিভিতে ধরা পড়া একের পর এক গুলির দৃশ্য নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে উৎসবের রাতে পরিবারের সদস্যদের সামনে একজন ব্যক্তিকে এভাবে হত্যা করার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।