নিজস্ব নীতি পাশ কাটিয়ে ইসরায়েলের ফোন হ্যাকিং প্রযুক্তি কিনছে ভারত

নিজস্ব নীতি পাশ কাটিয়ে ইসরায়েলের ফোন হ্যাকিং প্রযুক্তি কিনছে ভারত

প্রতিকী ছবি

ইসরায়েলি প্রতিষ্ঠানের তৈরি ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি সরকারি সংস্থাগুলোর কাছে বিক্রির সুযোগ করে দিতে নিজেদের ‘মেক ইন ইন্ডিয়া’ নীতিতে ছাড় দিয়েছে ভারত সরকার।এতে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির সক্ষমতা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মানবাধিকারকর্মী ও ডিজিটাল অধিকার বিশেষজ্ঞরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্বাক্ষর করা একটি চিঠি পর্যালোচনা করে এ তথ্য পেয়েছে।

গত ৭ জানুয়ারির ওই চিঠিতে বিদেশি প্রযুক্তিপণ্য কেনার ক্ষেত্রে এক বছরের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়।

এর ফলে অন্তত ৪২২টি বিদেশি ফরেনসিক প্রযুক্তিপণ্য কেনার পথ তৈরি হয়েছে।

এসব পণ্যের মধ্যে রয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠান সেলিব্রাইটের তৈরি ফোন থেকে তথ্য সংগ্রহ ও নজরদারির প্রযুক্তি। ২০ জানুয়ারির আরেকটি চিঠিতে ভারতের জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) সেলিব্রাইটের ‘প্রিমিয়াম টুল’ তিন বছরের লাইসেন্সে প্রায় ৫ কোটি রুপিতে কেনার অনুমতি দেওয়া হয়।

অনুসন্ধানে দেখা গেছে, এসব প্রযুক্তির মাধ্যমে পাসওয়ার্ড ছাড়াই মোবাইল ফোনের তথ্য সংগ্রহ, মুছে ফেলা ফাইল উদ্ধার এবং ইনস্টাগ্রাম, এক্স, টেলিগ্রাম ও টিন্ডারের মতো অনলাইন প্ল্যাটফর্মের ক্লাউডভিত্তিক তথ্যেও প্রবেশ করা সম্ভব।

এমনকি অ্যামাজনের অ্যালেক্সা ও গুগল হোমের মতো সংযুক্ত ডিভাইস থেকেও তথ্য সংগ্রহের সক্ষমতা রয়েছে এসব প্রযুক্তির।

আইএফএফের শনাক্ত করা ৪২২টি পণ্যের তালিকায় ডিজিটাল ও মাল্টিমিডিয়া ফরেনসিকস-সংক্রান্ত ১১৮টি পণ্য রয়েছে। সেলিব্রাইট ছাড়াও ম্যাগনেট, এমএসএবি, অক্সিজেন ফরেনসিকস ও বেলকাসফটের প্রযুক্তি রয়েছে তালিকায়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডিজিটাল অধিকার বিশেষজ্ঞ বৃন্দা ভান্ডারি বলেন, ভারতে নজরদারির পরিধি ক্রমেই বিস্তৃত ও গভীর হচ্ছে।

তার মতে, বিদ্যমান আইনে জব্দ করা ফোনের পাসওয়ার্ড ভেঙে পুরো তথ্যভান্ডার সংগ্রহ কিংবা ক্লাউড অ্যাকাউন্টে প্রবেশের বিষয়ে সুস্পষ্ট বিধান নেই।

২০১৭ সালে ভারতের সুপ্রিম কোর্ট ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিলেও নজরদারি কার্যক্রমের ওপর কার্যকর সংসদীয় বা বিচারিক তদারকির অভাব রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এর আগে ভারতীয় সাংবাদিক, অধিকারকর্মী ও রাজনৈতিক বিরোধীদের ওপর ইসরায়েলি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারের অভিযোগ উঠেছিল। তবে অননুমোদিত নজরদারির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ভারত সরকার।

আল-জাজিরা জানিয়েছে, এ বিষয়ে এনআইএ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোর কাছে বক্তব্য চাওয়া হলেও প্রকাশের সময় পর্যন্ত কোনও জবাব পাওয়া যায়নি।