জেলেদের চাল আত্মসাতের অভিযোগ, প্রতিবেদন দুদকে পাঠানোর নির্দেশ আদালতের
ছবি: সংগৃহীত
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ করা ৫ টন সরকারি চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রির অভিযোগের প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এ আদেশ দেন। ঘটনার সুষ্ঠু অনুসন্ধান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদকে দাখিল করা প্রতিবেদনটি দুদক সচিবের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা চাঁদপুর সিএসডি গুদাম থেকে জেলেদের জন্য বরাদ্দ করা ৫ টন সরকারি চাল গ্রহণ করেন। অভিযোগ রয়েছে, চালগুলো প্রকৃত উপকারভোগী জেলেদের মধ্যে বিতরণ না করে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন তিনি। পরে ওই চাল ট্রাকে করে কুমিল্লার লাকসাম উপজেলায় নেওয়ার চেষ্টা করা হয়।
ঘটনার দিন বিকেলে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চালবোঝাই ট্রাকটি আটক করেন। এ ঘটনায় ওই দিন রাতেই চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৬৫১) করেন ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের প্রশাসক ও উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
আদালতের আদেশে বলা হয়েছে, সরকারি চাল আত্মসাৎ, ক্রয়-বিক্রয় ও পরিবহনের অভিযোগ প্রাথমিকভাবে দণ্ডবিধি ও সংশ্লিষ্ট আইনের ধারায় শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে এটি দুদক আইনের তফসিলভুক্ত অপরাধ।
আদেশে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইনের ১৭ ধারা অনুযায়ী এ ধরনের অপরাধের অনুসন্ধান, তদন্ত ও মামলা দায়েরের এখতিয়ার দুদকের। ফলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এ অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার নেই।
এ কারণে সরকারি চাল আত্মসাতের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের স্বার্থে প্রতিবেদনটি দুদক সচিবের কাছে পাঠানোর নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন।