মার্কিন কর্মকর্তাদের নিশানা করে ভুয়া চাকরির ফাঁদ, ১৩ ওয়েবসাইট বন্ধ
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের কাছ থেকে সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে ভুয়া চাকরির বিজ্ঞাপন ব্যবহারের অভিযোগ উঠেছে চীনা গোয়েন্দাদের বিরুদ্ধে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের অনুসন্ধানে এমন বহু সন্দেহজনক প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চাকরির সন্ধান দেওয়ার ওয়েবসাইট লিংকডইনসহ বিভিন্ন মাধ্যমে আকর্ষণীয় বেতনের পরামর্শক পদের বিজ্ঞাপন দেওয়া হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ও চুরি করা পরিচয় ব্যবহার করে ভুয়া প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটকে বিশ্বাসযোগ্য দেখানোর চেষ্টা করা হয়।
এসব বিজ্ঞাপনের লক্ষ্য মূলত মার্কিন সরকারের বর্তমান ও সাবেক কর্মীরা। সাংবাদিক ও বাণিজ্যবিষয়ক পরামর্শকদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়েছে। চাকরিপ্রার্থীদের কখনো অজ্ঞাত গ্রাহকের জন্য গবেষণা প্রতিবেদন লিখতে বলা হয়।
তদন্তকারীদের আশঙ্কা, এভাবে সংগৃহীত বহু প্রতিবেদনের তথ্য একত্র করলে মার্কিন জাতীয় নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া সম্ভব।
২০২৫ সালে মার্কিন সরকারের বিপুলসংখ্যক কর্মী চাকরি ছাড়ার পর তাদের বিদেশি গোয়েন্দাদের লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছেন সাবেক কর্মকর্তারা।
মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই চলতি বছরের জুনে এমন ১৩টি সন্দেহজনক পরামর্শক প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ করে দেয়। গবেষক ম্যাক্স লেসার একই ধরনের বৈশিষ্ট্যযুক্ত আরও শতাধিক ওয়েব ঠিকানা শনাক্ত করেছেন। তবে সবগুলোর সঙ্গে চীনা গোয়েন্দাদের সরাসরি সম্পর্ক নিশ্চিত হয়নি।
পরিচয় দেওয়া একটি প্রতিষ্ঠানের কাছ থেকে কাজের প্রস্তাব পান তিনি। প্রকাশ্য তথ্য ব্যবহার করে প্রতিবেদন লেখার জন্য তাকে এক হাজার ২০০ ডলার দেওয়া হয়। পরে প্রতিষ্ঠানটির পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়।
আরেক পরামর্শক আন্দ্রেস লোরেতদেমোলা জানান, লিংকডইনে এক নারী তাকে প্রতিবেদন লেখার জন্য এক হাজার ডলার পর্যন্ত দেওয়ার প্রস্তাব দেন। সন্দেহ হওয়ায় তিনি কথোপকথনের তথ্য এফবিআইকে দেন।
ওয়াশিংটনে চীনা দূতাবাস জানিয়েছে, বিষয়টি তাদের জানা নেই। ‘চীনা গুপ্তচর’ আখ্যা দিয়ে দেশটিকে হেয় করার বিরোধিতা করে তারা। এফবিআই জানিয়েছে, এ বিষয়ে তদন্ত এখনো চলছে।