কয়েক সেকেন্ডেই ভিডিও চুরি, এআই দিয়ে অন্যের কনটেন্টে লাখ লাখ ভিউ
ফাইল ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মানুষের ভিডিও নকল করে নিজেদের তৈরি এআই চরিত্র বসিয়ে দেওয়া হচ্ছে। একই নাচ, গান, কৌতুক, এমনকি ভিডিওর পেছনের দৃশ্যও হুবহু রেখে বদলে দেওয়া হচ্ছে শুধু মূল ব্যক্তিকে। ‘রিস্কিনিং’ নামে পরিচিত এ কৌশলে তৈরি ভিডিও অনেক সময় আসল ভিডিওর চেয়েও বেশি ভিউ পাচ্ছে। এসব ভিডিও ব্যবহার করে আয় করার অভিযোগও উঠেছে।
বিবিসি ভেরিফাইয়ের অনুসন্ধানে দেখা গেছে, সস্তা ও সহজে ব্যবহারযোগ্য এআই টুল দিয়ে এসব ভিডিও তৈরি করা হচ্ছে। যুক্তরাজ্যের গিটারিস্ট সোফি লয়েডের পরিবেশনা নকল করে ‘মিলা ভাসারি’ নামের একটি এআই চরিত্রের শত শত ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওগুলোতে একই সংগীত, অঙ্গভঙ্গি ও মুখের অভিব্যক্তি ব্যবহার করা হয়েছে। তবে চরিত্রটি বাস্তব কোনো মানুষ, এমন প্রমাণ পায়নি বিবিসি।
লয়েডের অভিযোগ, তাঁর বছরের পর বছরের পরিশ্রমে তৈরি কনটেন্ট ব্যবহার করে অন্যরা হাজার হাজার ভিউ ও অনুসারী পাচ্ছে। এআই চরিত্র ব্যবহার করে অ্যাডাল্ট কনটেন্টের সাবস্ক্রিপশন থেকেও আয়ের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিবিসি।
নরওয়ের কনটেন্ট নির্মাতা কেজেটিল ক্রগস্ট্যাডের একটি নাচের ভিডিওও এআই দিয়ে খরগোশের চরিত্র বসিয়ে নকল করা হয়। ভিডিওটি মুছে ফেলার আগে লাখ লাখ ভিউ পায়, যা তাঁর মূল ভিডিওকেও ছাড়িয়ে যায়। পরে তিনি দেখতে পান, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি এআই কনটেন্ট থেকে আয় করার কোর্স প্রচার করছে।
বিশেষজ্ঞদের মতে, আগে থেকেই জনপ্রিয় হওয়া ভিডিও নকল করে দর্শকের মনোযোগ ও সাড়া কাজে লাগানোই এসব অ্যাকাউন্টের অন্যতম উদ্দেশ্য। এতে শিল্পীরা তাঁদের দর্শক, অনুসারী ও সম্ভাব্য আয় হারানোর ঝুঁকিতে পড়ছেন।
যুক্তরাজ্যের বিনোদনকর্মীদের সংগঠন ইকুইটি এ ধরনের অননুমোদিত ব্যবহার ঠেকাতে নতুন আইনের দাবি জানিয়েছে। অন্যদিকে মেটা জানিয়েছে, অনুমতি ছাড়া ভিডিও পুনঃপ্রকাশকারী অ্যাকাউন্টের নাগাল সীমিত করার উপায় খতিয়ে দেখছে তারা। তবে একটি অ্যাকাউন্ট বন্ধ হলেও নতুন অ্যাকাউন্ট খুলে একই কাজ চালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: বিবিসি, নিউজবাইটস