চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮১৯

চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮১৯

প্রতিকী ছবি

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৮১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭৪ জনকে গ্রেফতার করা হয়। একই সময়ে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক করা হয়েছে ৩৫৯ জনকে।

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হয়েছেন ১০৪ জন। চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ৮১৯ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮১, আগের মামলায় ১২৩, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৪, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৪ এবং পরোয়ানা মূলে ১০৩ জন রয়েছেন। এ ছাড়া সাজা পরোয়ানায় ২১ জন, মাদক মামলায় ৫৮ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ছয় হাজার টাকা অর্থদণ্ড আদায় এবং ৩০টি মাদক মামলা করা হয়েছে।

অভিযানে ৭ হাজার ৭০৯টি ইয়াবা, ৬০ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, ছয় বোতল বিদেশি মদ ও ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে নয় জেলায় ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এর মধ্যে কুমিল্লায় ২৯, চট্টগ্রামে ১৯, লক্ষ্মীপুরে ছয়, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও নোয়াখালীতে চারজন করে, খাগড়াছড়িতে তিন এবং ফেনীতে একজন রয়েছেন।

কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৫৯ জনের মধ্যে ১৭০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৮৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ১৮১ জন কিশোর গ্যাং সদস্য আটক হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ৩৬, লক্ষ্মীপুরে ৩৫, কক্সবাজারে ২৮, নোয়াখালীতে ২৫, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, খাগড়াছড়িতে ১২, চাঁদপুরে ১১, রাঙামাটিতে আট ও বান্দরবানে সাতজনকে আটক করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।