খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি

খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত র‍্যালি ও মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, পরিবেশের পাশাপাশি প্রাণীদেরও রক্ষা করতে হবে। প্রাণিসম্পদের উৎপাদন বাড়াতে হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম গরুর খামার উৎপাদন কার্যক্রম শুরু করেন। এ ধারা অব্যাহত রাখতে হবে।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মারুফ হাসান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহাফুজ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী, পরিষদ সদস্য রমেল মারমা, অ্যাডভোকেট মালেক মিন্টু ও খামারি তামিম হামিম।

বক্তারা বলেন, দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণে উৎপাদন বাড়াতে হবে। প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি করা গেলে পুষ্টিহীনতা দূর করা সম্ভব হবে। পাশাপাশি প্রান্তিক খামারিদের উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওমর ফারুক।