ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যাহত, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যাহত, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

ছবিঃ সংগৃহিত।

পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি। এর ফলে বড় ধরনের ক্ষতির শঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে ঘোজাডাঙ্গা স্থলবন্দরের পার্কিং এলাকায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী বহু ট্রাক। প্রতিদিন গাড়ির আনাগোনায় ব্যস্ত থাকা বন্দরের রাস্তা এখন পুরোপুরি শুনশান।

ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হিসেবে পরিচিত এই ঘোজাডাঙ্গা স্থলবন্দর। এই স্থলবন্দর থেকে প্রতিদিন কয়েক হাজার পণ্যবাহী ট্রাকের মাধ্যমে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি ও রপ্তানি হয়। কিন্তু কয়েকদিন ধরেই এই দুই দেশের বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভারত থেকে যেসব ট্রাক বিভিন্ন প্রয়োজনীয় পণ্য নিয়ে বাংলাদেশে যায়, সেগুলোকে দীর্ঘ সময় ধরে ঘোজাডাঙ্গায় আটকে থাকতে হচ্ছে। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের।

ঘোজাডাঙ্গা দিয়ে আমদানি-রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ীরা। ঘোজাডাঙ্গা স্থলবন্দরে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকে আটকে থাকা পচনশীল পণ্য সময়মতো না পৌঁছাতে পারলে নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন তারা।

এ বিষয়ে ঘোজাডাঙ্গা আমদানি-রপ্তানি ব্যবসায়ী জয়দেব সরকার জাগোনিউজকে জানান, ‘আমাদের এখান থেকে লোডিং করে বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে। এখান থেকে পণ্যবাহী ট্রাক ওখানে যাওয়ার পরে খালি হয়ে তার গন্তব্যে ঠিকমতো পৌঁছাতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ থেকে যেসব প্রয়োজনীয় পণ্য এপারে আসে, সেগুলোও ওখানকার ভোমরা স্থলবন্দরে চলমান পরিস্থিতির জন্য সময়মতো পৌঁছাতে পারছে না। এর জন্য আমদানি-রপ্তানিতে বিঘ্ন ঘটছে।’

ব্যবসায়ী জয়দেব সরকার বলেন, ‘আমাদের এখানে ফল, টমেটো, আদার মতো পচনশীল পণ্য রয়েছে। এগুলো একটু বেশি সময় ধরে বন্দরেই থাকলেই নষ্ট হয়ে যায়। এতে ব্যবসায়ীদের ক্ষতি হয়।’

ফলে এমন পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হলে ব্যবসায় বিরাট ক্ষতির আশঙ্কা করছেন ঘোজাডাঙ্গার আমদানি-রপ্তানি ব্যবসায়ীরা।