বট-পাকুড়ের বিয়ে, আনন্দে মাতল গ্রামবাসী
ছবি: সংগৃহীত
বর পাকুড়গাছ, কনে বটগাছ। মানুষের বিয়ের মতোই বরযাত্রী, শুভদৃষ্টি, সাত পাক, অগ্নিসাক্ষী, মন্ত্রপাঠ ও ভোজের আয়োজন করা হয়। ব্যতিক্রমী এই বিয়েকে ঘিরে দুই দিন ধরে উৎসবে মেতেছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামের মানুষ। বৃহস্পতিবার রাতে শুরু হয়ে শুক্রবার দুপুরে সনাতন ধর্মীয় রীতি মেনে এই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। এতে অংশ নেন শত গ্রামবাসী।
স্থানীয়রা জানান, গ্রামে পাশাপাশি থাকা প্রায় ২০০ বছরের পুরোনো একটি বট ও পাকুড়গাছ ২০২৩ সালের অক্টোবর মাসে ঝড়ে ভেঙে পড়ে। গাছ দুটির স্মৃতি ধরে রাখতে স্থানীয়রা পাশে নতুন করে একটি বট ও একটি পাকুড়গাছের চারা রোপণ করেন। তিন বছরের পরিচর্যায় গাছ দুটি বড় হলে গ্রামের প্রবীণ ব্যক্তিরা তাদের বিয়ের আয়োজনের সিদ্ধান্ত নেন।
গ্রামের বাসিন্দা চিত্ত রঞ্জন শিকদারের ছেলে হিসেবে পাকুড়গাছটির নাম রাখা হয় ‘তীর্থ শিকদার’। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকারের মেয়ে হিসেবে বটগাছটির নাম রাখা হয় ‘শুক্লা সরকার’।
বৃহস্পতিবার রাতে পুরোহিত মনতোষ গোস্বামী মন্ত্রপাঠের মাধ্যমে বিয়ের প্রথম পর্ব শুরু করেন। এ সময় শুভদৃষ্টি ও সাত পাকের আনুষ্ঠানিকতা হয়। প্রতীকী বরযাত্রী কনের বাড়িতে পৌঁছালে ছোট ছেলেমেয়েরা ফিতা দিয়ে পথ আটকে দেয়। পরে ৫০০ টাকা দিয়ে ফিতা কেটে বরযাত্রীরা প্রবেশ করেন।
শুক্রবার বেলা ১১টায় বর-কনের আত্মীয়স্বজন ও গ্রামবাসীর অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ সময় ১০ থেকে ১৫ জন নারী প্রতীকী বর-কনেকে কোলে নিয়ে সাত পাক ঘোরান এবং শতাধিক নারী উলুধ্বনি দিয়ে অনুষ্ঠানস্থল মুখরিত করেন। পরে কয়েক শ মানুষের অংশগ্রহণে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
বরের বাবা চিত্ত রঞ্জন শিকদার বলেন, একটি গাছকে ছেলে হিসেবে পেয়ে তার ছেলের অভাব কিছুটা হলেও পূরণ হয়েছে। অন্যদিকে কনের বাবা পবিত্র কুমার সরকার বলেন, ১৯৯৬ সালে তার ছয় বছর বয়সী মেয়ে শুক্লা সরকার সুমি মারা যায়। মেয়ের স্মৃতি ধরে রাখতেই বটগাছটিকে মেয়ের পরিচয়ে বিয়ে দিয়েছেন। এই বিয়ের মধ্য দিয়ে দুই পরিবারের মধ্যে আত্মীয়তার বন্ধনও তৈরি হয়েছে।
কনের ভাই শিশির সরকার বলেন, পুরোনো গাছের স্মৃতি ধরে রাখার পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন।
গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দ্র মোহন শিকদার (৭৫) বলেন, পুরোনো গাছ দুটি তার জন্মের আগে থেকেই ছিল। তার ধারণা, গাছ দুটির বয়স ২০০ বছরের বেশি। এগুলো এলাকার পরিচয়ের অংশ ছিল। স্মৃতি ধরে রাখতেই নতুন গাছ দুটি লাগিয়ে বিয়ের আয়োজন করা হয়েছে।
পুরোহিত মনতোষ গোস্বামী বলেন, ভারতে এ ধরনের বিয়ের আয়োজন তিনি আগে দেখেছেন। সেখানকার কিছু নিয়মকানুন অনুসরণ করেই এই বিয়ের মন্ত্রপাঠ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।