‘রোগের ঝুঁকি শনাক্ত করে চিকিৎসা পরিকল্পনা জরুরি’
ফাইল ছবি
‘আধুনিক চিকিৎসাব্যবস্থায় শুধু রোগ হওয়ার পর চিকিৎসা দেওয়াই যথেষ্ট নয়। তাই রোগের ঝুঁকি আগেই শনাক্ত করা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি ব্যক্তির শারীরিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসা পরিকল্পনা করাও প্রয়োজন।’
শুক্রবার চট্টগ্রাম নগরের খুলশী ক্লাব লিমিটেডে আয়োজিত ‘চট্টগ্রাম ওয়েলনেস, দীর্ঘায়ু ও স্বাস্থ্যশিক্ষা দিবস’ শীর্ষক সমঝোতা স্মারক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন, রোগ প্রতিরোধ এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার মাধ্যমে সুস্থ ও দীর্ঘ জীবনযাপনের লক্ষ্যে যৌথ উদ্যোগ নিয়েছে থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান জেনেসেন গ্রুপ ও চট্টগ্রামের খুলশী ক্লাব লিমিটেড। এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে সহযোগিতা করে রেজুভা ওয়েলনেস।
তাছাড়া, ‘১০০ বছর পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকা: সুস্থতা, দীর্ঘায়ু ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সুস্থ ও দীর্ঘ জীবনযাপনের আধুনিক বৈজ্ঞানিক ধারণা, রোগ প্রতিরোধে সচেতনতা এবং শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলশী ক্লাবের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল, উপদেষ্টা ডা. এম এ করিম, সদ্য সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সভাপতি আহমেদুল হক আহমেদ, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সহসভাপতি নাছির উদ্দিন, সাবেক সহসভাপতি অমল চন্দ্র দাশ, অর্থ সম্পাদক প্রকৌশলী মো. শামসুদ্দিন, নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ আলী ও মো. ফখরুল আলম।
এছাড়া থাইল্যান্ডের জেনেসেন গ্রুপের চিকিৎসক ওম সুচুমফিয়া ও প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক পরিচালক ডা. শাহরিয়ার উপস্থিত ছিলেন।