আগারগাঁও সরকারি আবাসিক কলোনির সংস্কারকাজ শুরু
রাজধানীর আগারগাঁও সরকারি আবাসিক কলোনির সংস্কারকাজ উদ্বোধন করছেন সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
রাজধানীর আগারগাঁও সরকারি আবাসিক কলোনির ঘরবাড়ি, রাস্তা, মসজিদ, পানি নিষ্কাশন ব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামোর সংস্কারকাজ শুরু হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) আগারগাঁওয়ের পাকা মার্কেট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাজের উদ্বোধন করেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের ঢাকা-১২-এর প্রচার-মিডিয়া সেক্রেটারি ও উন্নয়ন কার্যক্রম সমন্বয়ক আতাউর রহমান সরকার এ তথ্য জানান।
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খায়রুল ইসলামের সভাপতিত্বে ও জামায়াতের শেরে-বাংলা নগর থানা দক্ষিণের আমির আবু সাঈদ মণ্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আতাউর রহমান সরকার, গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলী, শেরে-বাংলা নগর থানা জামায়াতের সেক্রেটারি তারিফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহিদুল ইসলাম, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ প্রমুখ।
আগারগাঁও সরকারি আবাসিক কলোনির অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার এবং বসবাসের পরিবেশ উন্নত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কারকাজ বাস্তবায়িত হলে আবাসিক কলোনির দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।