শাহজাদপুরের সাবেক মেয়রকে গ্রেফতারে বাধা, আটক ৪
প্রতিকি ছবি
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক মেয়র হালিমুল হক মিরুকে গ্রেফতার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে ফিরে গেছে পুলিশ। এ ঘটনায় ভিডিও দেখে চারজনকে আটক করা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গতকাল শুক্রবার দুপুরে পুলিশের প্রায় ৩০ সদস্যের একটি দল পৌর এলাকার নলুয়ায় তার বাসভবনে এ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়া সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, হালিমুল হক মিরুকে গ্রেফতার করার জন্য পুলিশের একটি দল তার বাড়িতে পাঠানো হয়েছিল। কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি। তবে অভিযানের কারণে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে পুলিশকে অবরুদ্ধ করেছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।
তিনি আরো জানান, ভিডিও দেখে ইতোমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রীয় ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হবে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে পৌর মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। পরে দল থেকেও তাকে বহিষ্কার করে আওয়ামী লীগ। ওই মামলা এখনও বিচারাধীন।