বিজেপির রাজনীতিতে যুক্ত হচ্ছেন ভারতের তারকা পেসার শামি!
ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সাথে সাক্ষাৎ করেছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি। এ কারণে তাঁর রাজনীতিতে অভিষেকের সম্ভাবনা নিয়ে জোরালো জল্পনা শুরু হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই বৈঠকে গেরুয়া শিবিরের সংখ্যালঘু মোর্চার সভাপতি কুনওয়ার বাসিত আলীও উপস্থিত ছিলেন, তবে শামি কিংবা বিজেপি নেতাদের কেউই এখন পর্যন্ত তাঁর বিজেপিতে যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।
বিষয়টি নিশ্চিত হলে, উত্তরপ্রদেশের এই ফাস্ট বোলার বিজেপিতে যোগ দেওয়া ক্রিকেটার ও অন্যান্য পরিচিত মুখগুলোর তালিকায় সর্বশেষ সংযোজন হবেন। উল্লেখ্য, এর আগেও কেন্দ্রীয় মন্ত্রী এবং রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) প্রধান জয়ন্ত চৌধুরীর সাথে সাক্ষাতের পর বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটের সাথে শামির নাম জড়িয়েছিল।
২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ওই বৈঠক ঘিরেও তাঁর রাজনীতিতে আসার গুঞ্জন ছড়িয়েছিল। যদিও তখন আরএলডি-র পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছিল যে, নিজের জন্মস্থান আমরোহায় ক্রীড়া সুবিধার উন্নয়নে অর্থ বরাদ্দ করার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানাতেই গিয়েছিলেন শামি।
প্রকৃতপক্ষে, ঠিক এক সপ্তাহ আগেই ভারতীয় লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালকে বিজেপির ওবিসি মোর্চার ‘বিশেষ আমন্ত্রিত সদস্য’ (স্পেশাল ইনভাইটি) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে যা দলটির বৃহত্তর সদস্য সংগ্রহ অভিযানের অংশ, যেখানে তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া সিদ্ধান্তে একাধিক রাজ্যে সাতজন সর্বভারতীয় সহ-সভাপতি এবং তিনজন সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে।
২০ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া শামি ২০১৩ সালে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলা শুরু করেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে আসর শেষ করা এই অভিজ্ঞ পেসার অ্যাকিলিস টেন্ডনের গুরুতর চোট কাটিয়ে ২০২৪-২৫ মৌসুমে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন।
২০২৩ সালে অর্জুন পুরস্কারে ভূষিত এই পেসার চলতি বছরের ৬ নভেম্বর (২০২৬) তাঁর ১৩ বছরের লাল বলের ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দেন, যদিও ওয়ানডে, ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে খেলা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। সর্বশেষ গত ২৬ নভেম্বর সৈয়দ মুশতাক আলী ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্টে গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে রাজস্থানের বিপক্ষে বাংলার হয়ে মাঠে নামতে দেখা গিয়েছিল তাঁকে।