বিজ্ঞাপন বিতর্কের মামলায় স্বস্তিতে সালমান খান

বিজ্ঞাপন বিতর্কের মামলায় স্বস্তিতে সালমান খান

ছবি: সংগৃহীত

পাঁচ থেকে ১০ রুপির একটি পানমসলার প্যাকেটে প্রায় চার লাখ রুপি কেজি দামের জাফরান থাকার দাবি নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই বিজ্ঞাপনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় এবার স্বস্তি পেলেন বলিউড অভিনেতা সালমান খান। তার বিরুদ্ধে রাজস্থানের যোধপুর জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনে চলমান কার্যক্রম স্থগিত করেছেন রাজস্থান হাইকোর্ট।

বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সালমান খানের আইনজীবী প্রতিষ্ঠান ডিএসকে লিগ্যালের প্রতিনিধি পরাগ খান্ধার। তিনি বলেন, ‘যোধপুরের জেলা ভোক্তা ফোরামে শুরু হওয়া এই ভোক্তা-সংক্রান্ত কার্যক্রম রাজস্থান হাইকোর্টের ২৬ নভেম্বর ২০২৬ তারিখের আদেশে স্থগিত করা হয়েছে।’

হাইকোর্টের আদেশে জেলা কমিশনে দায়ের করা অভিযোগের পরবর্তী সব কার্যক্রমও স্থগিত করা হয়েছে। ঘটনার সূত্রপাত যোধপুরের এক বাসিন্দার অভিযোগকে কেন্দ্র করে। পানমসলার একটি প্যাকেটের দাম যেখানে পাঁচ থেকে ১০ রুপি, সেখানে সেটিতে প্রতি কেজি প্রায় চার লাখ রুপি দামের জাফরান থাকার দাবি কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 

পাশাপাশি যোধপুরের জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন-২-এ সালমান খানের জমা দেওয়া নথিতে থাকা স্বাক্ষরের সত্যতা নিয়েও আপত্তি জানান ওই ব্যক্তি। বিতর্কিত স্বাক্ষরগুলোর ফরেনসিক পরীক্ষা এবং অভিনেতাকে ব্যক্তিগতভাবে কমিশনে হাজির করার আবেদনও জানান তিনি। তবে তার আবেদনগুলো খারিজ করে দেয় জেলা কমিশন। 

পরে ওই আদেশের বিরুদ্ধে রাজস্থান রাজ্য ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের সার্কিট বেঞ্চে রিভিশন আবেদন করেন ওই ব্যক্তি। শুনানিতে সালমান খান ও পানমসলা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে নোটিশ পাঠায় কমিশন। এরপর ভোক্তা কমিশনের এখতিয়ার এবং এ ধরনের অভিযোগ শুনতে পারার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হন সালমান খান। 

তার আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট পণ্যের সঙ্গে তার সম্পৃক্ততা কেবল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে।  সালমানের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ নভেম্বর ২০২৬ তারিখে জেলা ভোক্তা কমিশনের কার্যক্রম স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। ফলে পানমসলা বিজ্ঞাপন ঘিরে চলমান এই মামলায় আপাতত স্বস্তি পেলেন বলিউড অভিনেতা।