মাদারীপুরে ডিজিটাল সেন্টার উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

মাদারীপুরে ডিজিটাল সেন্টার উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

ছবি: সংগৃহীত

 

মাদারীপুর পৌরসভায় নাগরিকদের দ্রুত ও সহজে বিভিন্ন সেবা দেওয়ার লক্ষ্যে ডিজিটাল সেন্টার উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে পৌরসভা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল সেন্টার ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়া।

মাদারীপুর পৌরসভার প্রশাসক মোছা. জেসমিন আকতার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস সঞ্চালনা করেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, নাগরিক সনদসহ বিভিন্ন জরুরি সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল সেন্টারটি চালু করা হয়েছে। পাশাপাশি পৌরসভার নিজস্ব বিভিন্ন মার্কেটের দোকান ভাড়া বিলিংয়ের মাধ্যমে আদায়ের লক্ষ্যে ডিজিটাল বিলিং ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে নাগরিক সেবা ও পৌরসভার রাজস্ব আদায় কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়। এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি হবে বলে আয়োজকরা জানান।

এ সময় মাদারীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাসসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার দ্রুত উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ভ্যাকুয়াম মেশিনের মাধ্যমে ড্রেনের আবর্জনা পরিষ্কার কার্যক্রমেরও উদ্বোধন করেন।